পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র তিন মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মোহাম্মদ ইউসুফ (২৪)। ইচ্ছা ছিল কঠোর পরিশ্রমে ঘোচাবেন অভাব, সাজাবেন আড়াই বছরের শিশুকন্যার ভবিষ্যৎ। কিন্তু একটি দুর্ঘটনা কেড়ে নিল সব স্বপ্ন। সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়াল চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এই তরুণ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে দাম্মাম শহরের একটি নির্মাণাধীন ভবনে ইলেকট্রিকের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ইউসুফ। এ সময় আকস্মিকভাবে একটি দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতে বাড়িতে মৃত্যুর খবর পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মাহতাবপুরের আকাশ-বাতাস।
ইউসুফের ভাতিজা আরমান হোসেন জুহিন বলেন, চাচা ছিলেন আমাদের পরিবারের বড় ভরসা। অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন পরিবারটাকে গুছিয়ে নিতে। ভাগ্য এত নির্মম হবে আমরা ভাবিনি। আড়াই বছরের ছোট মেয়েটা এখন কাকে বাবা বলে ডাকবে?
ইউসুফের আকস্মিক মৃত্যুতে তার স্ত্রী এখন দিশেহারা। দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনেরা।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম এই মৃত্যুকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। বর্তমানে ইউসুফের মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।