শরণার্থী জীবনের অবসানের আহ্বান জানিয়ে এবং মিয়ানমারে নিজ বাড়িতে ফেরার অধিকার দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিওর সামনে রোহিঙ্গারা। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারের উখিয়ায় এসেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
৩১ জুলাই, শুক্রবার, বেলা ১২টার দিকে ১১ সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের সামনে স্বদেশে ফেরার আকুতি জানালেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। এ সময় তারা গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শরণার্থী জীবনের' অবসানের আহ্বান জানিয়ে এবং মিয়ানমারে নিজ বাড়িতে ফেরার অধিকার দাবি করে প্ল্যাকার্ড তুলে ধরেন।
প্ল্যাকার্ডে লেখা ছিল, “You have your home! We miss our home!”
প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি তুলে ধরেন। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানান।
রোহিঙ্গা নেতাদের ভাষ্য, বছরের পর বছর ক্যাম্পে বসবাসের ফলে তাদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বেড়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের পথ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের জন্য উখিয়া সফর করেন।
শু/আজা