রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর গর্ভে থাকা সন্তানও মারা গেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন্তি চাকমা (৩০) সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সন্তান প্রসবের জন্য তাঁকে সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সকালে একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে উপজেলার চাম্পাতলী এলাকায় একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডাম্প ট্রাকের ধাক্কায় আহত এক শিক্ষিকাকে হাসপাতালে নেওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তাঁর মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন।
শু/আজা