২ কোটি টাকা চাঁদা দাবি, ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ

রূপম ভট্টাচার্য্য, চট্টগ্রাম ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যালয়ে দিনদুপুরে হামলা, ভাঙচুর ও প্রায় ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, দুই কোটি টাকা চাঁদার দাবি পূরণ না করায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বিদেশে পলাতক এক শীর্ষ সন্ত্রাসীর অনুসারীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চন্দনপুরা-বাকলিয়া অ্যাকসেস সড়কে অবস্থিত ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন অভিযোগ করেন, ঘটনার দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন পরিচয়ে তার কাছে ফোন আসে। ফোনে ব্যবসা চালিয়ে যেতে হলে এককালীন দুই কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি পূরণ না করলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

তার ভাষ্য, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালানো হয়। তিনি আরও দাবি করেন, ফোনে ইমন নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে পুলিশ কমিশনার তার পরিচয় জানেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে পূর্বে চাঁদা না পেয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালানোর ঘটনাও উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক রিদোয়ানুল কবির জানান, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা কম্পিউটার, মোবাইল ফোন, নেটওয়ার্ক সরঞ্জাম ও অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি নষ্ট করে। পাশাপাশি কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।

ঘটনার সিসিটিভি ফুটেজে কয়েকজন দেশীয় অস্ত্রধারী ব্যক্তিকে অফিসে ঢুকে ভাঙচুর চালাতে দেখা যায়। ফুটেজে একজনকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতিতে আঘাত করতেও দেখা গেছে। হামলার সময় কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।

ঘটনার পর নগরীর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। প্রাথমিক তদন্তে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেন ওরফে ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তিনি বাকলিয়ার জোড়া খুন এবং পতেঙ্গা সমুদ্রসৈকতে সন্ত্রাসী আকবর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বিদেশে অবস্থানরত সন্ত্রাসী সাজ্জাদ আলীর পক্ষে চট্টগ্রামে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।

তবে হামলা, চাঁদা দাবি ও লুটপাটের ঘটনায় আনা অভিযোগগুলোর সত্যতা তদন্তাধীন। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

বিষয়:

চট্টগ্রাম
এলাকার খবর

সম্পর্কিত