ঝিনাইদহের মহেশপুর উপজেলায় টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫৮ বিজিবির খোশালপুর বিওপি ক্যাম্পের তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ ও আলু তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব হাসান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান, খোশালপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাইন উদ্দিন, নেপা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনামুল হক, নেপা ইউনিয়ন মৎস্যজীবী দলের থানা সভাপতি মো. আবুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ত্রাণ বিতরণকালে মেজর তোয়াসীন হাবিব হাসান বলেন, টানা বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় নিম্নআয়ের অনেক মানুষ কর্মহীন হয়ে মানবিক সংকটে পড়েছেন। সেই বাস্তবতা বিবেচনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিজিবির মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ত্রাণ পেয়ে উপকারভোগী সফুরা বেগম, মইনুল ইসলাম, সাহিদা খাতুন ও সৈয়দা খাতুনসহ অনেকেই বিজিবির এই উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগের সময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।