কওমি মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত যুবকদের নিয়ে একটি ঐক্যবদ্ধ, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এহতেশামুল হক সাখীকে আহ্বায়ক এবং তানজিল আমিরকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাওয়াদ আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামালুদ্দীন খালেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনাস বিন ইউসুফ এবং সদস্য মাহমুদ মুজিব, বান্দা মুহাম্মাদ ইমদাদুল্লাহ, আনওয়ারুল হক, বেলায়েত হুসাইন, জাওয়াদ আহমদ, আতাউর রহমান, গাজী আহমাদ আব্দুল্লাহ মূসা, ইশতিয়াক সিদ্দীকী, সাব্বির আহমদ, ফয়সাল সাদেক, নাঈমুল ইসলাম, ইমরুল শাহেদ ও খালেদ সাইফুল্লাহ।
সংগঠনটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কওমি মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত যুবকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়িয়ে একটি বৃহত্তর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই বাংলাদেশ কওমি যুব ফোরাম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি নিজেদের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে পরিচালনার কথা জানিয়েছে।
ইসলামী মূল্যবোধ, নৈতিক চরিত্র, জ্ঞান, দক্ষতা, মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধকে ভিত্তি করে সুশিক্ষিত, দক্ষ, কর্মক্ষম ও সেবামুখী যুবসমাজ গড়ে তোলাকে সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামের মধ্যপন্থা ও উদারতার আদর্শ বিশ্বব্যাপী তুলে ধরতে তরুণ আলেমদের বিভিন্ন মত ও পথের ঊর্ধ্বে উঠে দাওয়াতি মানসিকতায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করবে বাংলাদেশ কওমি যুব ফোরাম। নতুন প্রজন্মের সামনে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা এবং মতাদর্শকেন্দ্রিক বিরোধে না জড়িয়ে মানুষের মধ্যে ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়াও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।
সংগঠনটির ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যুবসমাজকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার বিষয়টিও রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, কওমি শিক্ষার ঐতিহ্য ও আধুনিক জ্ঞান-দক্ষতার মধ্যে একটি ইতিবাচক সেতুবন্ধ তৈরি করতে কাজ করবে ফোরামটি। একই সঙ্গে ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা ও শিক্ষার ভিন্নতা ভুলে যুবকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্বশীলতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনটির পরিকল্পনার মধ্যে রয়েছে কওমি মাদ্রাসা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করা, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া, পাঠাগার প্রতিষ্ঠা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম চালু করা। পাশাপাশি যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানে সহায়তা, উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করার কথাও জানানো হয়েছে।
বাংলাদেশ কওমি যুব ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, কওমি শিক্ষিত যুবকদের জ্ঞান, মেধা ও নেতৃত্বকে সমাজের বৃহত্তর পরিসরে কাজে লাগানোর পাশাপাশি অন্যান্য শিক্ষাধারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার যুবকদের সঙ্গে সমন্বয় করে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
দেশের যেকোনো দুর্যোগ, মানবিক সংকট ও জরুরি পরিস্থিতিতে দ্রুত মানুষের পাশে দাঁড়াতে প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনের নেতারা বলেন, কওমি শিক্ষার মূল্যবোধ ও ঐতিহ্যকে ধারণ করে সমাজের সব শ্রেণি-পেশার যুবকদের সঙ্গে নিয়ে শিক্ষা, দক্ষতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন একটি ঐক্যবদ্ধ যুবসমাজ গড়ে তোলাই বাংলাদেশ কওমি যুব ফোরামের মূল প্রত্যয়।