নিরপেক্ষ ভেন্যুর দাবি পাকিস্তানের; হকি ইন্ডিয়ার সাফ কথা—ভেন্যু পরিবর্তন হবে না
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তানের বর্তমান সংবেদনশীল দ্বিপাক্ষিক পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে পুরো টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। বিকল্প হিসেবে শুধু পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাবও দিয়েছে তারা।
তবে পাকিস্তানের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে হকি ইন্ডিয়া। পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলে তাদের পরিবর্তে বাংলাদেশ অথবা ওমানকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানিয়েছেন হকি ইন্ডিয়ার মহাসচিব ও এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) সহসভাপতি ভোলা নাথ সিং। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের পাঞ্জাবের মোহালি ও জলন্ধরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা। বুধবার এএইচএফের কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায় পাকিস্তান।
পাকিস্তান হকি ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি মোহিউদ্দিন আহমেদ ওয়ানি এক বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পুরো টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা উচিত। তাঁর ভাষ্য, ভারত ও পাকিস্তানের বর্তমান সংবেদনশীল দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে পাকিস্তান টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ওয়ানি। ভারতসহ এফআইএইচের সব সদস্য দেশের বিপক্ষে খেলতে পাকিস্তান প্রস্তুত এবং খেলাধুলাকে রাজনীতি থেকে মুক্ত রাখার নীতিতে তারা বিশ্বাসী বলে উল্লেখ করেন তিনি। ওয়ানি আশা প্রকাশ করেন, এএইচএফ তাদের নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করবে। এতে পাকিস্তানের টুর্নামেন্টে পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান তিনি।
কিন্তু পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিতে রাজি নয় হকি ইন্ডিয়া। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে ভোলা নাথ সিং বলেন, ভেন্যু পরিবর্তনের কোনো অনুরোধ গ্রহণ করা হবে না। তাঁর বক্তব্য, পাকিস্তানকে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে ভারতেই আসতে হবে।
এর আগে ২০২৫ সালে ভারতের রাজগিরে অনুষ্ঠিত এশিয়া কাপ এবং তামিলনাড়ুতে অনুষ্ঠিত এফআইএইচ জুনিয়র বিশ্বকাপ থেকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিল পাকিস্তান। পাহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ওই সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
এবারও পাকিস্তান অংশ না নিলে তাদের পরিবর্তে বাংলাদেশ অথবা ওমানকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানোর সম্ভাবনার কথা জানিয়েছেন ভোলা নাথ সিং। ফলে পাকিস্তান শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করলে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলার সুযোগ তৈরি হতে পারে।
ছয় দলের এবারের আসরে ভারত ও পাকিস্তানের সঙ্গে মালয়েশিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার অংশ নেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের ভেন্যু পরিবর্তনের দাবি এবং আয়োজকদের অবস্থানের কারণে এখন টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলের তালিকায় পরিবর্তন আসে কি না, সেটিই দেখার বিষয়।