ফেনীতে সনাতন ধর্মাবলম্বী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ফেনী শহরের দারুল ইসলাম সোসাইটি ভবনে ফেনী শহর জামায়াতের এক দাওয়াতি সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, মাসব্যাপী পরিচালিত ব্যাপক দাওয়াতি অভিযানের ধারাবাহিকতায় শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে সনাতন ধর্মাবলম্বী নাগরিক এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। চলমান এ দাওয়াতি কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে প্রায় তিন হাজার সাধারণ মানুষ জামায়াতের গণমুখী আদর্শের সাথে সম্পৃক্ত হয়েছেন।
মুফতি মাওলানা আব্দুল হান্নান বলেন, ‘দীর্ঘদিনের দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিতে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। মানুষ এখন পরিবর্তন চায়, শান্তি ও নিরাপত্তা চায়। এই বৈরী পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং একটি নিরাপদ ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে দেশের আপামর জনতা জামায়াতে ইসলামীতে দলে দলে যোগদান করছে।’
তিনি নবাগতদের অভিনন্দন জানিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে। এখানে ধর্ম, বর্ণ বা দলমত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার ও ধর্মীয় স্বাধীনতার শতভাগ নিশ্চয়তা রয়েছে। আজ সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের বন্ধুদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে সাধারণ মানুষ ন্যায়ভিত্তিক ও আস্থার রাজনীতির সন্ধান পেয়েছে।’
ফেনী শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে ও ফেনী শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ফেনী জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।