সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে তা নেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারের ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের যুক্ত থাকার অভিযোগের সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, সম্প্রতি এক সংসদ সদস্যের ছেলে, মেয়ে ও শ্যালিকার ডিলারশিপ পাওয়ার কথা শোনা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরা সবার আগে তা নেবেন। বেকার কার্ড চালু হলেও তাঁরাই আগে পাবেন।
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারি সুযোগ-সুবিধা ও সহায়তা বিতরণের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়া উচিত। সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা এসব সুবিধা পেলে সাধারণ মানুষ বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়—তাঁর বক্তব্যে এমন সমালোচনাই উঠে আসে।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যেরও কঠোর সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, চুয়েটের উপাচার্যকে শিক্ষক-শিক্ষার্থীরা চান না। ছাত্রদলের কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁকে উপাচার্যের পদে থাকতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, একটি পক্ষ দেশকে আবার পিছিয়ে নিতে চায়। তাদের মধ্যে ন্যূনতম ব্যক্তিত্ব ও লজ্জাবোধ নেই বলে মন্তব্য করে তিনি সম্মিলিতভাবে তাদের প্রতিরোধ করার আহ্বান জানান।
বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের মেধাবী ও যোগ্য প্রতিনিধিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা। তাঁর মতে, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে জেনজি প্রজন্মের দক্ষ ও মেধাবী তরুণদের ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।