তিরোধান দিবসের অনুষ্ঠানে আতঙ্ক, উদ্ধার দুই লিটার পেট্রল
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় আখড়াবাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি ব্যাগে বোমা থাকার খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। পরে নিরাপত্তার স্বার্থে সেখানে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে বোমা ও পেট্রল উদ্ধার করে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, রাতে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখড়াবাড়ির ভেতরে বোমা থাকার খবর পান। এরপর সন্দেহজনক বস্তুটি ঘিরে রেখে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেটি নিষ্ক্রিয় করে। পুরো আখড়াবাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আখড়াবাড়ির মূল ফটক পার হয়ে ডান দিকে একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। এর পাশেই ছিল পুলিশ বক্স। খবর পেয়ে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরে ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে ব্যাগটি পরীক্ষা করে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করে।
গত শনিবার থেকে লালন শাহর তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে তিন দিনের অনুষ্ঠান চলছে। রোববার ছিল আয়োজনের দ্বিতীয় দিন। সোমবার রাত পর্যন্ত অনুষ্ঠান চলার কথা। এর মধ্যে বোমা উদ্ধারের ঘটনায় আয়োজক, সাধু-ফকির ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেউ আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে আখড়াবাড়িতে প্রবেশের ক্ষেত্রে ব্যাপক তল্লাশি চালানো হবে। পুলিশের পাশাপাশি বিজিবির দুই প্লাটুন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আখড়াবাড়িতে প্রবেশের সড়ক ও বিভিন্ন মোড়ে তল্লাশি চালানোর পাশাপাশি পুরো প্রাঙ্গণও পরীক্ষা করা হবে।
কারা, কী উদ্দেশ্যে বোমা ও পেট্রল সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।