শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নাটোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। গতকাল রোববার দুপুরে তিনি শহরের শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সহকারী হাইকমিশনার পূজামণ্ডপের সাজসজ্জা, উৎসবের পরিবেশ ও সার্বিক আয়োজন ঘুরে দেখেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উৎসবের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
মনোজ কুমার বলেন, নাটোরের মানুষের মধ্যে দুর্গাপূজাকে ঘিরে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিজে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কমিটি গঠন করে দিয়েছেন।
দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসব চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কমিটিও গঠন করা হয়েছে।