ভাইরাল হওয়ার আশায় চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের শাখাহার ইউনিয়নের কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার দড়িদহ সরদারপাড়া গ্রামের শাবলু মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন মিয়া দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন। তিনি মোটরসাইকেল চালানোর সময় অন্যদের দিয়ে ভিডিও ধারণ করাতেন এবং পরে সেসব ভিডিও ফেসবুকে প্রকাশ করতেন।
সোমবার সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও ধারণের সময় তিনি হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন শাওন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।