জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে আটটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণ, পেনশন, ইনক্রিমেন্ট ও আনুতোষিকের বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১ জুলাই থেকে সিদ্ধান্তগুলো কার্যকর হয়েছে বলে গণ্য হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এসব সিদ্ধান্ত প্রযোজ্য হবে। ইতোমধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং ভবিষ্যতে নিয়োগ পাবেন—উভয় শ্রেণির কর্মীর জন্যই নির্দেশনাগুলো প্রযোজ্য।
প্রজ্ঞাপনের প্রথম সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল–২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাদের বেতন নতুন বেতন স্কেল অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি সংশোধন করতে হবে। সংশ্লিষ্ট কর্মীরা নতুন বেতন স্কেল অনুযায়ী সমতুল্য গ্রেড ও ধাপে নির্ধারিত বেতন পাবেন।
এ ছাড়া চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর নির্দিষ্ট বিধান অনুযায়ী তারা বর্ধিত হারে বেতন এবং সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রাপ্য ভাতা পাবেন। তবে বার্ষিক বেতন বৃদ্ধির অংশটি এ সুবিধার আওতাভুক্ত হবে না।
দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বা ভবিষ্যতে নিয়োগ পেতে যাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অবসরের অব্যবহিত আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন নির্ধারণ করা হবে। বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন সাপেক্ষে এ নিয়ম কার্যকর হবে। চুক্তিতে যোগদানের তারিখ থেকে সংশ্লিষ্ট চাকরি আদেশের নির্ধারিত বিধান অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তি অনুযায়ী প্রাপ্য ভাতা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে উল্লেখ করা বেতনও প্রযোজ্য হতে পারে।
তৃতীয় সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগের জন্য নির্ধারিত বেতন থেকে অবসর গ্রহণের আগে কম্যুটেশন বা পেনশন সমর্পণের পূর্ববর্তী নির্ধারিত মোট পেনশনের অর্থ বাদ দেওয়া হবে না। বিশেষ অতিরিক্ত পেনশন থাকলেও তা বাদ দেওয়ার সুযোগ থাকবে না।
চতুর্থ সিদ্ধান্তে স্পষ্ট করা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদকালে চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না।
পঞ্চম সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্য ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতা ও অন্যান্য শর্ত নির্ধারণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও পরিস্থিতি বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সমন্বয়ের মাধ্যমে শর্তাবলি নির্ধারণ করা হবে। পরে সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করা হবে।
ষষ্ঠ সিদ্ধান্ত অনুযায়ী, নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের আদেশ ও স্মারক বহাল থাকবে।
সপ্তম সিদ্ধান্তে বলা হয়েছে, প্রজ্ঞাপনে বেতন-ভাতা সম্পর্কে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা সত্ত্বেও চুক্তি অনুযায়ী প্রদেয় বেতন, ভাতা ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে সরকার পরবর্তী সময়ে যেসব আদেশ জারি করবে, সেগুলো প্রযোজ্য হবে।
অষ্টম ও শেষ সিদ্ধান্তে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনটি গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন সিদ্ধান্ত
জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা নির্ধারণে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১ জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর বলে গণ্য হবে। সম্প্রতি অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন নির্ধারণ, পেনশন, ইনক্রিমেন্ট ও আনুতোষিক-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই, ২০২৬ এর আগে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী সমতুল্য গ্রেড ও ধাপ নির্ধারণ করা হবে। সেই সঙ্গে তারা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তি অনুযায়ী প্রাপ্য ভাতাদি পাবেন।
অন্যদিকে ১ জুলাই, ২০২৬ এর পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অবসরের ঠিক আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন নির্ধারণ করা হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত অথবা উভয় পক্ষের সম্মতিতে স্থির করা বেতনও প্রযোজ্য হতে পারে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের জন্য নির্ধারিত বেতন থেকে অবসর গ্রহণের আগে কম্যুটেশন বা সমর্পণের পূর্ববর্তী মোট পেনশনের পরিমাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেয়া হবে না। তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেয়া হবে না। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতার শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এ ছাড়াও প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ ও স্মারক নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারির প্রজ্ঞাপন বাতিল করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।