যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি সংলাপ পুনরায় শুরুর শর্ত হিসেবে এবার ইরানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় তাঁর প্রতিনিধিরা এই দাবি জোরালোভাবে উত্থাপন করবেন বলেও জানিয়েছেন তিনি।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিরা গত পাঁচ মাসের সামরিক সংঘাতে ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। এর জবাবে তিনি পাল্টা ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাত ও বিভিন্ন হামলায় নিহত এবং গুরুতর আহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত। পাশাপাশি গত ৫০ বছরে ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের হাতে নিহত বিক্ষোভকারীদের পরিবারের জন্যও ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, গত পাঁচ মাসে নিহত ৫২ হাজার মানুষের বিষয়টিও আলোচনায় আনা হবে। ভবিষ্যতে ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাঁর প্রতিনিধিদের এই দাবি দৃঢ়ভাবে তুলে ধরার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি সংলাপ পুনরায় শুরুর শর্ত হিসেবে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছিল ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক উপকমান্ডার এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ বাঘেল জোলগাদর এ দাবি জানান।
জোলগাদর বলেন, ২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের সংঘাত এবং গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্র রাজি হলে ইরান পরবর্তী শান্তি সংলাপে বসবে।
সূত্র: সিএনএন
শু/আজা