ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘তেরঙা যাত্রা’ কর্মসূচির আগেই দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলন ও মিছিলের কর্মসূচি ছিল। তবে কর্মসূচি শুরুর আগেই দীপকের বাসায় গিয়ে পুলিশ তাঁকে কর্মসূচি না করার নোটিস দেয় এবং আটক করে। নেহা বোরাকে আটক করা হয় যন্তর মন্তর ও মান্ডি হাউস এলাকার কাছাকাছি বিক্ষোভ কর্মসূচির সময়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দীপকের বিরুদ্ধে পুলিশের নোটিসে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষকে উসকে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তবে অভিযোগের পক্ষে কোনো ভিডিও দেখাতে পারবেন কি না, পুলিশের কাছে সেই প্রশ্ন তোলেন দীপকে। নোটিস হাতে নিয়ে তিনি অভিযোগের ভাষা নিয়েও আপত্তি জানান।
দীপকে বলেন, ‘আপনারা কী ধরনের অভিযোগ তুললেন আমার বিরুদ্ধে? কী তামাশা শুরু করেছেন আপনারা? এ কেমন নোটিস? নোটিস এরকম হয়? আপনাদের মনে যা আসছে, তাই লিখে দিচ্ছেন।’
এক সপ্তাহের মধ্যে এটি দীপকের দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি পৌঁছানোর পর তাঁকে বিমানবন্দরেই আটক করা হয়েছিল।
সিজেপি ও কয়েকটি যুব ও ছাত্র সংগঠন অভিযোগ করে আসছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এর প্রতিবাদে তারা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে। গত ১৩ অক্টোবর যন্তর মন্তরে জাতীয় পতাকা হাতে কর্মসূচিতে অংশ নেওয়ার পর সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। তাঁদের আটক ও বিচারিক হেফাজতে পাঠানোর ঘটনার প্রতিবাদেও শুক্রবারের কর্মসূচি ডাকা হয়েছিল বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে শুক্রবার বিকালে জাতীয় পতাকা উত্তোলনের ঘোষণা দিয়েছিল সিজেপি। তবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) প্রশাসনিক কারণ দেখিয়ে শুক্রবার ও শনিবার পার্কটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখে। পুলিশও ওই এলাকায় কর্মসূচি না করার বিষয়ে নিষেধাজ্ঞার কথা জানায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কনট প্লেস এলাকায় নিষেধাজ্ঞা জারি থাকায় এবং এনডিএমসির অনুমতি না থাকায় প্রস্তাবিত মিছিলকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে বলে পুলিশ দীপকেকে জানায়। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরে দীপকে ও নেহা বোরাকে আটক করার পাশাপাশি আরও বিক্ষোভকারীকে হেফাজতে নেয় পুলিশ। ৩১ বছর বয়সী দীপকে মহাত্মা গান্ধীর ছবি ছাপা সাদা টি-শার্ট ও নীল ডেনিম প্যান্ট পরে পুলিশের সঙ্গে কথা বলেন। জনগণকে উসকে দেওয়ার অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা এমন একটাও ভিডিও দেখাতে পারবেন না।’
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধী দল ও ছাত্র সংগঠনগুলোর আন্দোলন ঘিরে দিল্লিতে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছে। আন্দোলনকারীরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। অন্যদিকে, পুলিশ বলছে, অনুমতি ছাড়া মিছিল ও জমায়েতের কারণে আইনশৃঙ্খলা এবং জনসাধারণের চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।