চীনের নৌ শক্তি ও সামুদ্রিক উপস্থিতি দ্রুত বাড়ছে। দেশটির নৌবাহিনীর তৎপরতা এখন আর নিজস্ব উপকূলীয় জলসীমায় সীমাবদ্ধ নেই। দক্ষিণ চীন সাগর থেকে জাপান ও তাইওয়ানের আশপাশ, ফিলিপিন্সের পূর্বাঞ্চল, পশ্চিম প্রশান্ত মহাসাগর এমনকি এডেন উপসাগর পর্যন্ত বিস্তৃত হচ্ছে চীনের নৌ উপস্থিতি। মার্কিন সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম *দ্য ওয়াল স্ট্রিট জার্নাল* জানিয়েছে, চীনের নৌবাহিনীর বহরে এখন ৪০০টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে। জাহাজের সংখ্যায় এটি যুক্তরাষ্ট্রের নৌবহরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি।
চীনের এই ক্রমবর্ধমান নৌ সক্ষমতা মার্কিন সামরিক পরিকল্পনাবিদদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কারণ, জাহাজের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে নিজেদের উপস্থিতিও জোরদার করছে বেইজিং। ধারণা করা হচ্ছে, দক্ষিণ চীন সাগর থেকে জাপান ও তাইওয়ানের কাছাকাছি জলসীমা পর্যন্ত প্রতিদিন চীনের প্রায় ১০০টি যুদ্ধজাহাজ ও নৌযান চলাচল বা টহল দিচ্ছে।
চীন বর্তমানে তিনটি বিমানবাহী রণতরী পরিচালনা করছে। পাশাপাশি তৈরি করছে চতুর্থটি। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই রণতরীটি পারমাণবিক শক্তিচালিত হতে পারে। শান্তিকালীন সময়ে আধুনিক ইতিহাসের অন্যতম বড় নৌবাহিনী সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে চীনের এই উদ্যোগকে।
এশিয়াজুড়ে বাড়ছে নৌ উপস্থিতি
চীনের নৌ তৎপরতা এশিয়ার বিস্তীর্ণ জলসীমাজুড়ে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ চীন সাগর, তাইওয়ানের আশপাশ, ফিলিপিন্সের পূর্বাঞ্চল এবং জাপানের দক্ষিণ উপকূলে নিয়মিত চলাচল করছে চীনা যুদ্ধজাহাজ। একই সঙ্গে পশ্চিম প্রশান্ত মহাসাগরেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে দেশটি। এ ছাড়া জলদস্যু দমন ও সামুদ্রিক নিরাপত্তার মতো কার্যক্রমের অংশ হিসেবে এডেন উপসাগরেও নিয়মিত নৌবহর মোতায়েন করছে চীন।
নিরাপত্তা কর্মকর্তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, যেকোনো সময়ে তাইওয়ানের চারপাশের জলসীমায় চীনের প্রায় ছয়টি যুদ্ধজাহাজ অবস্থান করে। তবে সামরিক মহড়ার সময় এ সংখ্যা আরও বেড়ে যায়। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনা যুদ্ধজাহাজের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক বেশি। এ অঞ্চলের বিভিন্ন দ্বীপ ও জলসীমার মালিকানা নিয়ে ফিলিপিন্স ও ভিয়েতনামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে বেইজিংয়ের।
কেন বাড়াচ্ছে নৌ শক্তি
চীনের নৌবাহিনী সম্প্রসারণের লক্ষ্য শুধু যুদ্ধজাহাজের সংখ্যা বাড়ানো নয়। দেশটি উপকূলীয় জলসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বিতর্কিত সামুদ্রিক অঞ্চলে নিজেদের দাবিকে শক্তিশালী করা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সামরিক তৎপরতা মোকাবিলার সক্ষমতা বাড়াতে চাইছে।
বিশেষ করে ভবিষ্যতে কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর হস্তক্ষেপ কঠিন করে তোলাও চীনের কৌশলগত লক্ষ্যগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
চীনের নৌবহরের এই সম্প্রসারণে এশিয়ার সমুদ্রপথের নিরাপত্তা ও আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলোতে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারত মহাসাগরসহ বৃহত্তর সামুদ্রিক অঞ্চলে দেশটির প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষারও ইঙ্গিত দিচ্ছে।