প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৯: ২১
ইসরাইল সফর শেষ করেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কার্ট এ রেনশ। সফরে ইসরাইলি নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দুই দেশের নৌবাহিনীর অংশীদারত্ব ও পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করেছেন তিনি। খবর আলজাজিরা।
শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলি নৌবাহিনীর প্রধান আইয়াল হারেলের আমন্ত্রণে দেশটি সফর করেন রেনশ। বৈঠকে বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানের সময় দুই নৌবাহিনীর কার্যক্রম, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া দুই দেশের নৌবহরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা করেছেন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর বাহরাইনে অবস্থিত। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশে মার্কিন নৌবাহিনীর কার্যক্রম পরিচালনা করে এই নৌবহর।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধেও সরাসরি যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর। ফলে ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে তাদের সাম্প্রতিক এই আলোচনা আঞ্চলিক সামরিক সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন