ইরাকের দক্ষিণাঞ্চলের আল-কাদিসিয়াহ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পাঠদান থেকে পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিক্ষোভ চলছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা প্রতিবাদে কয়েক শ নারী শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাঁদের দাবি, পুরুষ শিক্ষকদের আবারও শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ দিতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকের যোগ্যতা ও অভিজ্ঞতার বদলে লিঙ্গ বিবেচনায় নেওয়ার এ সিদ্ধান্ত তাঁদের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শিক্ষা অনুষদের (কলেজ অব এডুকেশন ফর উইমেন) কয়েকটি বিভাগে পুরুষ শিক্ষকদের সরিয়ে তাঁদের জায়গায় নারী শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের পুরুষ শিক্ষকদের অন্য অনুষদ বা বিভাগে স্থানান্তরের সিদ্ধান্তের পর ক্ষোভ ছড়িয়ে পড়ে। গত ৪ নভেম্বর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ক্লাস বর্জন ও ধর্মঘটের পথেও হাঁটেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কোথাও প্রায় ২০০, আবার কোথাও দুই সপ্তাহে অংশগ্রহণকারীর সংখ্যা ৪০০ পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে আন্দোলনের মূল দাবি একই—পুরুষ শিক্ষকদের শুধু লিঙ্গের কারণে পাঠদান থেকে বাদ দেওয়া যাবে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যা, নারী ও পুরুষের অবাধ মেলামেশা রোধ এবং নারী শিক্ষার্থীদের পরিবারের অনুরোধের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের যুক্তি, নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রতিষ্ঠানে নারী শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনা করাই উপযুক্ত।
কিন্তু শিক্ষার্থীরা এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। তাঁদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষক রয়েছেন—এ তথ্য ভর্তির আগেই তাঁদের জানা ছিল। তাঁদের পরিবারও বিষয়টি জানত এবং পুরুষ শিক্ষকদের পাঠদানের ব্যাপারে আপত্তি করেনি। বরং শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি পরিবারের সমর্থন রয়েছে বলে দাবি করেছেন তাঁরা।
আন্দোলনকারীদের মতে, তাঁদের প্রতিবাদ নারী শিক্ষকের নিয়োগের বিরুদ্ধে নয়। বরং দীর্ঘদিন ধরে পাঠদান, গবেষণা, ব্যবহারিক শিক্ষা ও স্নাতক পর্যায়ের প্রকল্পে যুক্ত পুরুষ শিক্ষকদের হঠাৎ সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে। অনেক শিক্ষার্থীর গবেষণা ও স্নাতক প্রকল্প এসব শিক্ষকের তত্ত্বাবধানে চলছিল। তাঁদের সরিয়ে দেওয়ায় চলমান একাডেমিক কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শিক্ষার্থী হুদা নামের ২২ বছর বয়সী এক আন্দোলনকারী অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাহি আল-ইয়াসিরি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পরিবর্তে তাঁদের নিরুৎসাহিত ও ভয় দেখানোর চেষ্টা করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, উপাচার্য নিরাপত্তারক্ষীদের নিয়ে আন্দোলনকারীদের পথ আটকে দেন এবং তাঁদের ছবি তোলার নির্দেশ দেন। এতে শিক্ষার্থীরা পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থার আশঙ্কা করছেন।
ওই শিক্ষার্থীর দাবি, পুরুষ ও নারী চিকিৎসক যেমন একই সমাজে নারী-পুরুষ উভয়ের চিকিৎসা করেন, তেমনি যোগ্য পুরুষ শিক্ষকের পাঠদানেও আপত্তির যৌক্তিকতা নেই। তাঁর অভিযোগ, শিক্ষার্থীদের দাবি শোনার পরিবর্তে উপাচার্য শিক্ষকদের ফিরিয়ে না আনার কঠোর অবস্থান জানিয়েছেন।
এ ঘটনায় ইরাকে নারী অধিকার ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিঙ্গসমতার প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। অধিকারকর্মীদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে তালেবান শাসিত আফগানিস্তানের নারী-পুরুষ পৃথকীকরণ নীতির সঙ্গে তুলনা করেছেন। তাঁদের আশঙ্কা, এ ধরনের সিদ্ধান্ত উচ্চশিক্ষায় নারীদের সমান সুযোগ, শিক্ষার স্বাধীনতা ও পেশাগত বিকাশের পথ সংকুচিত করতে পারে।
নারী অধিকারবিষয়ক গবেষক বালসাম মুস্তাফা মনে করেন, শিক্ষার্থীদের নিজেদের শিক্ষা ও ভবিষ্যৎ নির্ধারণে মতামত দেওয়ার অধিকার রয়েছে। তাঁদের অভিভাবক বা প্রশাসনের সিদ্ধান্তের বাইরে শিক্ষার্থীদের নিজস্ব অবস্থানকে গুরুত্ব না দেওয়া তাঁদের ব্যক্তিস্বাধীনতাকে খাটো করে। মানবাধিকার আইনজীবী ইসরা সালমানও এ ধরনের বিধিনিষেধকে নারীর অধিকারের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখেছেন। তাঁর মতে, ইরাকের সংবিধান ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির দেওয়া অঙ্গীকারের সঙ্গে এ ধরনের বৈষম্যমূলক পদক্ষেপের সংঘাত তৈরি হতে পারে।
বিক্ষোভের সূত্রপাত একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বদলির সিদ্ধান্ত হলেও এর প্রভাব এখন বৃহত্তর সামাজিক বিতর্কে গড়িয়েছে। ইরাকে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা এবং শিক্ষক নিয়োগে যোগ্যতার মানদণ্ড—সবকিছুই প্রশ্নের মুখে পড়েছে।
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও দক্ষতা অর্জনের জায়গা। সেখানে শিক্ষকের লিঙ্গ নয়, তাঁর যোগ্যতা, অভিজ্ঞতা ও পাঠদানের মানই প্রধান বিবেচ্য হওয়া উচিত। তাঁদের দাবি, বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করে সরিয়ে দেওয়া শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে হবে।