যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক বৈঠকে পারমাণবিক যুদ্ধ ঠেকাতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার বিশ্বরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। চীনের শেনজেনে বৃহস্পতিবারের ওই বৈঠক শেষে তিন নেতা যৌথ ঘোষণায় বলেছেন, ‘পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ যুদ্ধ কখনোই করা উচিত নয়।’ প্রায় চার দশক আগে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের দেওয়া একই ঘোষণার প্রতিধ্বনি রয়েছে এতে।
তবে দুই সময়ের রাজনৈতিক বাস্তবতা এক নয়। ১৯৮৫ সালে রিগ্যান ও গর্বাচেভের ঘোষণার পর দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনা, অস্ত্র নিয়ন্ত্রণের উদ্যোগ এবং শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল। এবার ট্রাম্প, শি ও পুতিন পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার ঠেকাতে সংলাপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করলেও কোনো নির্দিষ্ট অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, লক্ষ্যমাত্রা কিংবা সময়সীমা ঘোষণা করেননি। ফলে তাঁদের ঘোষণার বাস্তব কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে।
চার দশক আগের সেই ঘোষণা
১৯৮৫ সালের ১৯ থেকে ২০ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় প্রথমবারের মতো শীর্ষ বৈঠকে বসেন রিগ্যান ও গর্বাচেভ। স্নায়ুযুদ্ধের উত্তেজনার মধ্যে দুই নেতা পারমাণবিক সংঘাতের বিপদ সম্পর্কে একমত হন। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে তাঁরা ঘোষণা করেন, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ যুদ্ধ কখনোই করা উচিত নয়। একই সঙ্গে দুই দেশ সামরিক শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করবে না বলেও অঙ্গীকার করে।
রিগ্যানের ভাষণ ও বক্তব্য তৈরির কাজে যুক্ত ছিলেন অ্যালান মেয়ার। তাঁর মতে, যৌথ বিবৃতিতে অন্তর্ভুক্ত ঘোষণাটি ছিল দুই পরাশক্তির সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবক। গর্বাচেভ বিশেষভাবে বক্তব্যটি গ্রহণ করেছিলেন। সময়ের সঙ্গে এটি নিজস্ব গুরুত্ব ও প্রভাব তৈরি করে।
ঘোষণার পরও দুই দেশের মধ্যে মতপার্থক্য দূর হয়নি। ১৯৮৬ সালের অক্টোবরে আইসল্যান্ডের রেইকিয়াভিকে আবার বৈঠকে বসেন রিগ্যান ও গর্বাচেভ। সেখানে পারমাণবিক অস্ত্রের ব্যাপক হ্রাস, এমনকি সম্পূর্ণ বিলুপ্তির লক্ষ্য নিয়েও আলোচনা হয়। তবে যুক্তরাষ্ট্রের কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
তা সত্ত্বেও রেইকিয়াভিকের আলোচনা পরবর্তী অস্ত্র নিয়ন্ত্রণ উদ্যোগের পথ তৈরি করে। ১৯৮৭ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তির মাধ্যমে মধ্যম ও স্বল্পপাল্লার স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের একটি পুরো শ্রেণি বিলুপ্ত করার ব্যবস্থা হয়। ১৯৯১ সালে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা স্টার্ট-১ চুক্তির মাধ্যমে দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো ও সীমিত করার কাঠামো তৈরি হয়।
পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারের নাতি চার্লস ওপেনহাইমার মনে করেন, শেনজেনের বৈঠক থেকেও ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি আসতে পারে। তিন নেতার মধ্যে গড়ে ওঠা ব্যক্তিগত সম্পর্ক পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে নীতিগত উদ্যোগের পথ খুলে দিতে পারে বলে তাঁর ধারণা।
ঘোষণা আছে, বাস্তব কর্মপরিকল্পনা নেই
তবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা এবার দ্রুত কোনো বড় অগ্রগতির আশা করছেন না। তাঁদের মতে, রিগ্যান-গর্বাচেভের জেনেভা বৈঠকের আগে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রস্তুতি ও লিখিত আলোচনা হয়েছিল। পরবর্তী সময়ে একাধিক দফায় আলোচনা এগিয়েছে। কিন্তু ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক ছিল এ ধরনের প্রথম ত্রিপক্ষীয় আয়োজন।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক অস্ত্রনীতিবিষয়ক জ্যেষ্ঠ গবেষক টং ঝাওয়ের মতে, তিন নেতার রিগ্যান-গর্বাচেভ নীতির প্রতি অঙ্গীকার না থাকার চেয়ে ভালো। তবে ঘোষণাটি তিন দেশের অভিন্ন স্বার্থের চেয়ে তাদের মধ্যে মতৈক্যের ঘাটতিকেই বেশি স্পষ্ট করেছে।
যৌথ ঘোষণায় পারমাণবিক ঝুঁকি কমানো ও অস্ত্রের বিস্তার ঠেকাতে সংলাপ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কী বিষয়ে আলোচনা হবে, কখন শুরু হবে, কোন লক্ষ্য অর্জন করতে হবে—এসব বিষয়ে বিস্তারিত কিছু নেই।
বারাক ওবামা প্রশাসনের সাবেক অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা জন উলফস্টালের মতে, বৈঠকের সুযোগ কাজে লাগিয়ে ট্রাম্প চীন ও রাশিয়ার কাছ থেকে বাস্তবসম্মত অগ্রগতির প্রতিশ্রুতি আদায় করতে পারেননি। তাঁর যুক্তি, সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মপন্থা নির্ধারণ না হলে শুধু আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকারে পারমাণবিক ঝুঁকি কমানো সম্ভব নয়।
এখানে তিন দেশের পারমাণবিক অস্ত্রভান্ডারের পার্থক্যও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে। অন্যদিকে চীন দ্রুত তার পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। তবে দেশটির অস্ত্রভান্ডার এখনো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক ছোট। ফলে তিন দেশের অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনায় সমান অবস্থান, অস্ত্রের সংখ্যা, নিরাপত্তা কৌশল এবং ভবিষ্যৎ সামরিক সক্ষমতা নিয়ে জটিলতা রয়েছে।
ট্রাম্প পারমাণবিক অস্ত্রের সীমা নির্ধারণে তিন দেশের মধ্যে সমঝোতার আগ্রহ প্রকাশ করলেও বৈঠক শেষে স্বীকার করেছেন, এমন চুক্তি করা অত্যন্ত কঠিন হবে। চীন ও রাশিয়ার কাছে হাজার হাজার পারমাণবিক ওয়ারহেড থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন, বড় ধরনের অস্ত্র হ্রাস রাজনৈতিক ও মানসিক—দুই দিক থেকেই কঠিন।
নতুন বিশ্বব্যবস্থার বার্তা
পারমাণবিক অস্ত্রের প্রশ্নের বাইরেও শেনজেনের বৈঠক বিশ্বরাজনীতিতে ক্ষমতার ভারসাম্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা একই টেবিলে বসে বৈশ্বিক নিরাপত্তা ও ভবিষ্যৎ বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। বিশ্লেষকদের মতে, পশ্চিমা বিশ্বের একক প্রভাবের পরিবর্তে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরে প্রকাশ করে আসছে, এ বৈঠক তার প্রতীকী গুরুত্ব বাড়িয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৈঠকটিকে বৃহৎ শক্তিগুলোর সম্পর্কের নতুন মডেলের সূচনা হিসেবে তুলে ধরেছে। শি জিনপিং ও পুতিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে পশ্চিমা বিশ্বের একক আধিপত্য কমিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় চীন ও রাশিয়ার প্রভাব বাড়ানোর আকাঙ্ক্ষার সম্পর্ক রয়েছে। তাঁদের দৃষ্টিতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে নিজেদের বৈশ্বিক অবস্থান ও সমমর্যাদার দাবি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
প্রায় ৭০ মিনিটের বৈঠকে বিশ্বশান্তি ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিন নেতা। তবে বৈঠক থেকে ইউক্রেন যুদ্ধের অবসান, রাশিয়ার আগ্রাসন নিয়ে জবাবদিহি কিংবা অন্য কোনো বড় আন্তর্জাতিক সংকটের বিষয়ে সুনির্দিষ্ট সমাধান আসেনি। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণেও তাৎক্ষণিক কোনো চুক্তি হয়নি।
তিন নেতার এই বৈঠক তাই একদিকে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে পুরোনো আন্তর্জাতিক ঐকমত্যের পুনরুচ্চারণ, অন্যদিকে নতুন বৈশ্বিক ক্ষমতার সমীকরণে নিজেদের অবস্থান তুলে ধরার কূটনৈতিক আয়োজন। চার দশক আগে রিগ্যান ও গর্বাচেভের ঘোষণার পর অস্ত্র নিয়ন্ত্রণে যে বাস্তব অগ্রগতি এসেছিল, এবারও তেমন কিছু ঘটবে কি না, তা নির্ভর করছে পরবর্তী আলোচনার গভীরতা ও রাজনৈতিক সদিচ্ছার ওপর। আপাতত ঘোষণাটি আশার বার্তা দিলেও পারমাণবিক ঝুঁকি কমানোর পথে বড় বাধাগুলো রয়ে গেছে।