পর্তুগালের পোর্তো শহরে মুসলিম সম্প্রদায়ের জন্য মসজিদ নির্মাণে নির্ধারিত দুটি ভবন প্রকাশ্য নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির একটি সিটি কর্পোরেশন। আগের প্রশাসন ভবন দুটি মুসলিম সংগঠনগুলোর কাছে দীর্ঘমেয়াদে ব্যবহার করতে দেয়ার পরিকল্পনা করলেও নতুন প্রশাসন এখন সেগুলো উন্মুক্তভাবে বিক্রির পথে হাঁটছে। যদিও নিলামে মুসলিম সংগঠনগুলোও অংশ নিতে পারবে।
জানা যায়, পোর্তো সিটি কর্পোরেশন মুসলিম সম্প্রদায়ের জন্য মসজিদ নির্মাণের উদ্দেশ্যে নির্ধারিত দুটি ভবন প্রকাশ্য নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগের প্রশাসনের সময়ে ভবন দুটি দুইটি মুসলিম সংগঠনের কাছে দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছিল।
বর্তমান মেয়র পেদ্রো দুয়ার্তে জানিয়েছেন, পৌরসভা ভবন দুটি উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করবে। তবে সংশ্লিষ্ট ধর্মীয় সংগঠনগুলো চাইলে অন্য আগ্রহী পক্ষের মতো সমান সুযোগে নিলামে অংশ নিতে পারবে।
এর মধ্যে একটি ভবন ক্যাম্পানিয়া এলাকার রুয়া দো পিনেইরো গ্রান্দেতে অবস্থিত। এটি সেন্ট্রো কালচারাল ইসলামিকো দো পোর্তোর জন্য নির্ধারিত ছিল। অন্যটি রুয়া দা পোর্তা দো সোল এলাকায়, যা বাংলাদেশি কমিউনিটির সংগঠন অ্যাসোসিয়াসাঁও কমুনিদাদে দো বাংলাদেশ দো পোর্তোকে দেয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল।
সাবেক মেয়র রুই মোরেইরার প্রশাসন ভবন দুটি ৪০ বছরের জন্য প্রতীকী ভাড়ায় ব্যবহারের অধিকার দেয়ার প্রস্তাব করেছিল। মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছিল মাত্র ৫০ ইউরো। এর মাধ্যমে মসজিদ ও কমিউনিটি সেন্টার নির্মাণের সুযোগ তৈরি হওয়ার কথা ছিল।
তবে নতুন প্রশাসন বলছে, পৌরসভার জমি ও সম্পত্তি ব্যবহারে তাদের অগ্রাধিকার ভিন্ন। মেয়র পেদ্রো দুয়ার্তের ভাষ্য অনুযায়ী, শহরে সাশ্রয়ী আবাসন এবং জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত স্থান তৈরিই এখন প্রধান লক্ষ্য। তিনি বলেন, মসজিদ নির্মাণকে বর্তমান প্রশাসন অগ্রাধিকার হিসেবে দেখছে না।
এর আগে সাবেক প্রশাসনের প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল, পোর্তো শহরে প্রায় সাত হাজার মুসলিম বসবাস করেন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো অভিবাসী সহায়তা, খাদ্য বিতরণ ও পর্তুগিজ ভাষা শিক্ষার মতো সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।