৫ বছর পর মোহামেডানের নির্বাচন, বিদ্রোহ ফুটবলারদের

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পাঁচ বছর পর অবশেষে নির্বাচনমুখী হচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আগামী ৯ মার্চ রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেড প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বহুল প্রতীক্ষিত নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হবে, যার মধ্যে থাকবেন একজন সভাপতি ও ১৬ জন পরিচালক। মোট ৩৭১ জন সদস্য, যার মধ্যে তিনজন দাতা সদস্যও রয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ মার্চ।

Google News LinkFor all latest news, follow The Daily Star's Google News channel.
আজ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর ধরে তা হয়নি। তিনি বলেন, ক্লাবটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর কোম্পানি আইনে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে নির্বাচন আয়োজনের জন্য আদালতের অনুমতি বাধ্যতামূলক হয়ে পড়ে। অবশেষে আদালত মার্চ মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে।

নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে গত রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিক্রি করা হবে এবং ১ মার্চ প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। যাচাই-বাছাই, আপত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে ৩ মার্চ সবকিছু চূড়ান্ত হবে এবং ৪ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপরই ৯ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।


নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরপেক্ষতার আশ্বাস দিয়ে কাজল বলেন, “আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করব। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই আমাদের প্রধান অঙ্গীকার।”

এদিকে এজিএম প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও সাবেক দায়িত্বপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী নতুন পরিচালনা পর্ষদ গঠিত হবে, যা ঐতিহ্যবাহী এই ক্লাবকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে।

 

বিদ্রোহ ফুটবলারদের

নির্বাচনী প্রস্তুতির মধ্যেই ফুটবল দল পড়েছে ভিন্ন বাস্তবতায়। সোমবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়ে অনুশীলন শুরু হয়নি। খেলোয়াড়দের বেশ কয়েক মাসের সম্মানী বকেয়া রয়েছে বলে জানা গেছে। আর্থিক সংকটের কারণে অনুশীলনে গড়িমসি করেন ফুটবলাররা।

পরবর্তীতে কোচিং স্টাফের হস্তক্ষেপে দেরিতে হলেও অনুশীলন শুরু হয়। নতুন কমিটি দায়িত্ব নিলে বকেয়া পরিশোধ ও পরিস্থিতি স্বাভাবিক হবে—এমন আশ্বাস দিয়ে খেলোয়াড়দের মাঠে নামানো হয় বলে জানা গেছে।

গত এক বছর ধরেই আর্থিক সংকটে ভুগছে মোহামেডান। এর আগে একাধিকবার অনুশীলন বয়কটের ঘটনাও ঘটেছে। এমনকি গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলার আশঙ্কাও তৈরি হয়েছিল।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে লোকমান হোসেন ভূঁইয়া বলেন, “আজ আমরা শুধু নির্বাচন ও এজিএম সংক্রান্ত বিষয়ে কথা বলব।”

নির্বাচন ঘিরে প্রশাসনিক তৎপরতা বাড়লেও ফুটবল দলের আর্থিক সংকট দ্রুত সমাধান না হলে মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।

বিষয়:

মোহামেডান
এলাকার খবর

সম্পর্কিত