২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়লেও সেগুলো নাকচ করে দিয়েছেন আর্জেন্টিনা দলের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না। তিনি বলেছেন, ফাইনালে স্পেনই ছিল যোগ্য বিজয়ী।
সম্প্রতি রেডিও অনুষ্ঠান ‘ভুয়েলতাই মেদিয়া’-তে দেওয়া এক সাক্ষাৎকারে মান্না জানান, তিনি ফাইনাল ম্যাচের ভিডিও একাধিকবার বিশ্লেষণ করেছেন। তার মতে, স্পেন পুরো ম্যাচেই ভালো খেলেছে।
তিনি বলেন, ‘ফাইনালটা আমি আরও দুই-তিনবার দেখেছি। অতিরিক্ত সময়ের অংশ আমি দেখিনি। ওই সময়টা অনেক বেশি আবেগের, সেখানে কৌশলগত বিশ্লেষণের সুযোগ কম থাকে। আমি মূলত কৌশলগত বিষয় নিয়েই কাজ করি। স্পেন অনেক বেশি ভালো ছিল।’
মাতিয়াস মান্না আরও বলেন, টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া হলেও আর্জেন্টিনা নিজেদের স্বকীয় পাসিং ফুটবল ধরে রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দেশের বয়সভিত্তিক দলগুলো এই ধারার ফুটবল খেলবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘হারলে এমন গুঞ্জন তৈরি হয়। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো বিষয় বিকৃতভাবে উপস্থাপন করা হয়। কিন্তু বাস্তবতা হলো, মাঠে যা হওয়ার তাই হয়েছে। যে দল ভালো খেলেছে, তাদের অভিনন্দন জানিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত।’
এর আগে আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং সহকারী কোচ রবার্তো আয়ালাও ফাইনালে স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে একই ধরনের মন্তব্য করেছিলেন।