ফেসবুকে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশের অনেক ব্যবহারকারী ভোগান্তিতে পড়েছেন। রোববার দুপুর থেকে বিশেষ করে ডেস্কটপ ব্যবহারকারীরা লগইন, নিউজফিড দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে মোবাইল অ্যাপে এ সমস্যা তুলনামূলকভাবে কম দেখা গেছে।
রাজধানীর কারওয়ান বাজারের গণমাধ্যমকর্মী সাইফুল সামিন জানান, বেলা আড়াইটার দিকে ডেস্কটপে ফেসবুক খুলতে গেলে ‘Account Temporarily Unavailable’ বার্তা দেখা যায়। সেখানে সাইটে সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না এবং দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিভ্রাট পর্যবেক্ষণকারী সেবা ডাউনডিটেক্টর-এও ফেসবুক-সংক্রান্ত অভিযোগ দ্রুত বাড়তে দেখা গেছে। ব্যবহারকারীরা জানিয়েছেন, ওয়েব সংস্করণে প্রবেশ, নিউজফিড লোড হওয়া এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে পেজ লোড হতে বেশি সময় লাগছে বা লগইন করা যাচ্ছে না।
বাংলাদেশের বিভিন্ন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁদের অনেকে বলেছেন, কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক ব্যবহার করতে সমস্যা হলেও মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
এর আগে গত মাসের ১২ তারিখেও ফেসবুকে একই ধরনের সমস্যা দেখা দেয়। সেদিন লগইন ব্যর্থ হওয়া, নিউজফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা পড়েছিলেন। পরে রাত সাড়ে ৮টার দিকে সেবাটি স্বাভাবিক হতে শুরু করে।
শু/আজা