রাঙামাটিতে বলি খেলায় চ্যাম্পিয়ন দিপু দেওয়ান

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙামাটিতে নববর্ষ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন দিপু দেওয়ান। শনিবার বিকালে রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রাণ, চাংলান, পাতা, বিহু ২০২৬ উদযাপন উপলক্ষে এই খেলার আয়োজন করা হয়। বলি খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সীর লোকজন স্টেডিয়ামের গ্যালারিতে এসে ভিড় জমান। এ সময় দর্শকদের উত্তেজনা ও উচ্ছ্বাসে ভরে উঠে স্টেডিয়াম।

এবারের বলি খেলায় ১০ প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে চ্যাম্পিয়ন দিপু দেওয়ান রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার বাসিন্দা দিপু। দ্বিতীয় হয়েছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সৃজন চাকমা এবং রাঙামাটির নানিয়ারচর উপজেলা সুমন চাকমা তৃতীয় হয়েছেন। সৃজন চাকমা টানা তৃতীয় বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু এবারে দিপু দেওয়ানের কাছে তিনি পরাজিত হয়েছেন।

দীপু দেওয়ান পুরস্কার হিসেবে ১৫ হাজার, রানার্স আপ সৃজন ১০ হাজার টাকা পেয়েছেন। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে পুরস্কৃত করা হয়েছে।

দিপু দেওয়ান বলেন, “আমি এর আগেও বলি খেলায় অংশগ্রহণ করেছি কিন্তু জিততে পারিনি। প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে। এই অনুভূতি বোঝানো যাবে না।”

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার এবং বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রাণ, চাংলান, পাতা, বিহু উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা।

এলাকার খবর

সম্পর্কিত