মাইলস্টোন স্কুলের যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারানো তাহসিন আব্দুল্লাহ বুধবার (২৯ জুলাই) বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামি জানান, সম্প্রতি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে হাসিমাখা তাহসিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে জানা যায়, মাইলস্টোন স্কুলের যুদ্ধবিমান দুর্ঘটনায় সে তার বড় বোন তাসনিয়াকে হারিয়েছিল।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজ নেন। জবাবে তাহসিন জানায়, বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং মানুষের উপকারে আসে— এমন কিছু করার স্বপ্ন দেখে।
প্রধানমন্ত্রী তাহসিনকে মনোযোগ দিয়ে পড়াশোনা, নিয়মিত খেলাধুলা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। আলাপচারিতায় ফুটবলপ্রেমী তাহসিনকে তিনি নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল ও একটি ড্রোন সেট উপহার দেন।
সাক্ষাৎ শেষে তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে সে খুবই আনন্দিত এবং এই অভিজ্ঞতার কথা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার অপেক্ষায় রয়েছে।
এ সময় মাইলস্টোন দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।