জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নির্ভরযোগ্য অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার আহ্বান
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ঋণ নয়, প্রয়োজন অনুদান। একই সঙ্গে এসব দেশের দরকার নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর লিডার সামিটে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের প্ল্যানারি আনাদুলু হলে দ্বিতীয় দিনের লিডার সামিটে বক্তব্য দেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতার নীতির ভিত্তিতে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজে ব্যয় করতে হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের বোঝা কমাতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রয়েছে জলবায়ু দুর্যোগের সময় ঋণ পরিশোধ স্থগিত রাখা এবং জলবায়ু সুরক্ষার কাজে অর্থ ব্যয়ের শর্তে ঋণ মওকুফের ব্যবস্থা।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তি ব্যবহারের সুযোগ সবার জন্য সমান করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি পৌঁছে দিতেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সহজ শর্তে অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের ব্যবস্থা করতে হবে।
পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এর মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্য।
বিশ্বনেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, বাংলাদেশ কপ-৩১ থেকে অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফল প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর ফলাফল প্রয়োজন। আনতালিয়ায় কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং সম্মেলনের আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম হলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে এ দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখছে জানিয়ে তারেক রহমান বলেন, শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য নির্গমনের লক্ষ্য অর্জনেও কাজ চলছে।

- জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সবুজ শিল্পের প্রসারে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য পানি ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।
এদিকে বৃহস্পতিবার সকালে কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রদর্শিত বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও প্যাভিলিয়নটি পরিদর্শন করছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাঁদের আগ্রহের বিষয়ে জানতে চান।
শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানার পাশাপাশি এ বিষয়ে পড়াশোনার আগ্রহ প্রকাশ করেন। জবাবে তারেক রহমান বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষ যেন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা ও ব্লেজারসহ বিভিন্ন ধরনের ১২৯টি পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।
যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কপ-৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিবাসন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন।
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আনতালিয়া থেকে টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান তারেক রহমান। সফরে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এ অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি সম্মেলনের গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।
সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।