খাগড়াছড়িতে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১-০ গোলে জয়; সেরা খেলোয়াড় হ্লাসা মারমা
খাগড়াছড়িতে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মারমা যুব কল্যাণ সংসদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ঊষা স্পোর্টিং ক্লাব আয়োজিত এ টুর্নামেন্ট। খাগড়াছড়ি সদর উপজেলার তেঁতুলতলার পানখাইয়া পাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ। ফাইনালে হেরে রানার্সআপ হয় মারমা যুব কল্যাণ সংসদ। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন হ্লাসা মারমা।
খাগড়াছড়ি সদর উপজেলার তেঁতুলতলার পানখাইয়া পাড়া হাই স্কুল মাঠে ঊষা স্পোর্টিং ক্লাব আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাগড়াছড়ির তরুণদের মধ্যে ক্রীড়া প্রতিভার কোনো অভাব নেই, প্রয়োজন কেবল নিয়মিত চর্চা, উপযুক্ত সুযোগ ও পৃষ্ঠপোষকতা। এ অঞ্চলের মাঠ থেকেই একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা তিনি আরো বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এ জন্য স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর উদ্যোগকে আরও উৎসাহিত করা প্রয়োজন।'
ঊষা স্পোর্টিং ক্লাবের সভাপতি আপ্রুশি মারমা সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তুহিন কুমার দেসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।