জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আগের মন্তব্য চলমান তদন্তকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সংসদে দাঁড়িয়ে নুসরাত বলেছেন, তদন্ত শেষ হওয়ার আগেই কোনো দায়িত্বশীল ব্যক্তি আগুনের কারণ সম্পর্কে চূড়ান্ত ধারণা তুলে ধরলে তদন্তকারীরা প্রভাবিত হতে পারেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, তিনি কোনো চূড়ান্ত বক্তব্য দেননি এবং তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্যেও কোনো মন্তব্য করেননি।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে নুসরাত তাঁর বাড়িতে আগুনের ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, এ ঘটনায় তিনি দুইবার আহত হয়েছেন। প্রথমবার নিজের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার দৃশ্য দেখে, দ্বিতীয়বার সংসদে সহকর্মীদের কেউ কেউ তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করায়। নুসরাত বলেন, গত বুধবার রাতে তাঁর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার সময়ের সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের মতো পরিস্থিতির পর পুরো বাড়ি আগুনে জ্বলে উঠতে দেখা যায়। বাড়ির নারী ও শিশুরা দৌড়ে বাইরে বেরিয়ে আসছিলেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে কেউ কেউ অজ্ঞানও হয়ে পড়েন। অথচ বাড়ির দেয়ালে বৈদ্যুতিক বাতি জ্বলছিল। তাঁর ভাষ্য, এসব দৃশ্যের প্রমাণ থাকার পরও সংসদে বাড়িটিকে ‘পরিত্যক্ত’ বলা হয়েছে কিংবা আগুনের কারণ হিসেবে শর্টসার্কিটের কথা বলা হয়েছে। তাঁর মতে, তদন্ত চলাকালে এ ধরনের বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে। নুসরাত বলেন, সংসদে পাঁচ থেকে ছয়বার ‘পরিত্যক্ত’ শব্দটি ব্যবহার করা হয়েছে। সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তিনি সহকর্মীদের কাছ থেকে আরও সংবেদনশীলতা ও সহমর্মিতা আশা করেছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই কোনো দায়িত্বশীল ব্যক্তি তদন্তের ফলাফল নিয়ে চূড়ান্ত মন্তব্য করলে অধস্তন কর্মকর্তাদের ওপর তার প্রভাব পড়তে পারে। ঊর্ধ্বতন ব্যক্তিকে সন্তুষ্ট করতে তদন্ত প্রতিবেদন তৈরির সম্ভাবনাও তৈরি হতে পারে। তিনি অবশ্য বলেন, এমন কিছু ঘটবেই—এমন দাবি তিনি করছেন না; তবে এ ধরনের বক্তব্যের কারণে সুষ্ঠু তদন্ত নিয়ে তাঁর সন্দেহ তৈরি হয়েছে। নুসরাত আরও বলেন, ঘটনার পর কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন এবং ঘটনার দায় স্বীকারের দাবিও উঠেছে। এমন পরিস্থিতিতে আগেভাগে কাউকে দায়মুক্তি দেওয়ার মতো বক্তব্য কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন তোলেন তিনি।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে নুসরাত বলেন, তাঁর বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে তিনি গোপালগঞ্জে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে একই ধরনের সহিংসতার মিল দেখতে পাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনা নিয়ে উল্লাস ও হুমকির কথাও উল্লেখ করেন তিনি। নুসরাতের ভাষ্য, তাঁকে প্রকাশ্যে ‘এনসিপি-বিএনপি তোমরা তোমাদের প্রাণ নিয়ে পালাও’ বলে হুমকি দেওয়া হচ্ছে। তাঁর মতে, জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা ব্যক্তিরা এখন হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন। তিনি নিজের, পরিবারের এবং জুলাই আন্দোলনের অগ্রসেনানীদের নিরাপত্তা দাবি করেন। একই সঙ্গে প্রশ্ন রাখেন, তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিকার কবে এবং কীভাবে পাওয়া যাবে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি সংসদে তথ্যের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছিলেন। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। মন্ত্রী জানান, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরদিন সকালে তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন। পরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে প্রধান করে বিজিবির একজন মেজর, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালককে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিকে শুক্রবার ও শনিবারসহ তিন দিনের সময় দেওয়া হয়েছিল। রোববার কমিটির মেয়াদ শেষ হচ্ছে এবং সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আগের বক্তব্যের ব্যাখ্যায় সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিক অনুসন্ধানে ঘটনাস্থলে পেট্রোলবোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে তাঁকে জানানো হয়েছিল। পুরোনো বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে—এমন একটি প্রাথমিক ধারণার কথাও তিনি বলেছিলেন। তবে সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করেননি। মন্ত্রী বলেন, ‘আমি কনক্লুসিভ কিছু বলিনি এবং বলেছি তদন্ত শেষ হওয়ার পরই কথা বলতে পারব।’
ঘটনায় প্রাণী মারা যাওয়ার বিষয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য; সেখানে গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে কেউ বের হননি—এমন কথা তিনি বলেননি। পরে তিনি নিজেও ভিডিও ফুটেজ দেখেছেন, যেখানে একজন নারীকে শিশু সন্তান কোলে নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায়। এসব বিষয় তদন্তের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
নুসরাতের নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগের বিষয়ে মন্ত্রী জানান, কলাবাগান থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) এবং টেলিফোনে হুমকির বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। সাইবার অপরাধীদের শনাক্ত করতেও আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে মামলা-সংক্রান্ত প্রক্রিয়াও এগোচ্ছে বলে জানান তিনি।
তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নিয়ে নুসরাতের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় রীতিনীতি মেনেই তিনি বক্তব্য দিয়েছেন। তদন্তকে প্রভাবিত করার জন্য তিনি বা সংসদের কেউ কোনো বিবৃতি দেন না। তাঁর মতে, ‘প্রভাবিত’ শব্দটি সংসদের আলোচনায় ব্যবহার না করাই ভালো। তিনি আরও বলেন, কোনো সংসদ সদস্য কিংবা সাধারণ মানুষের জানমালের ওপর হামলা নিন্দনীয় এবং এ ধরনের ঘটনা কঠোরভাবে দেখা উচিত।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একজন আক্রান্ত সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। ‘তদন্ত প্রভাবিত হতে পারে’—এমন বক্তব্য অসংসদীয় নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিয়েছেন, তাই প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নুসরাতকে ধৈর্য ধরতে বলেন স্পিকার।