আন্তর্জাতিক মানের ২৭ ডিসিপ্লিনের প্রশিক্ষণ সুবিধা কাজে লাগাতে চায় বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহের ত্রিশালে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে দেশের অন্যতম বৃহৎ মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর ১৭৩ একর জমিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই ক্রীড়া স্থাপনা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আন্তর্জাতিক মানের এ কমপ্লেক্স ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে কমপ্লেক্সটির কাছেই অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মনে করছে, এটি তাদের শিক্ষার্থীদের ক্রীড়াদক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কমপ্লেক্সটি বিশ্ববিদ্যালয় থেকে মাত্র আট কিলোমিটার দূরে। ফলে পরিকল্পিত ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা ব্যবহারের সুযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক পরিবেশে অনুশীলন করতে পারবেন। যেসব শিক্ষার্থী খেলাধুলায় আগ্রহী ও প্রতিভাবান হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে নিজেদের দক্ষতা বাড়াতে পারছেন না, তাঁদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত ক্রীড়া অবকাঠামো, আধুনিক সরঞ্জাম ও দক্ষ প্রশিক্ষকের অভাবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন প্রত্যাশিতভাবে এগোতে পারেনি। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য অর্জন কিংবা জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের অবস্থান সীমিত। নিয়মিত অনুশীলনের সুযোগ, প্রশিক্ষকের তত্ত্বাবধান এবং আধুনিক প্রশিক্ষণব্যবস্থার ঘাটতি খেলোয়াড়দের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে কাছেই আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, প্রস্তাবিত কমপ্লেক্সে ফুটবল, হকি, অ্যাথলেটিকস, শুটিং ও সাঁতারসহ মোট ২৭টি ডিসিপ্লিনের জন্য আধুনিক স্টেডিয়াম ও প্রশিক্ষণ সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। এসব সুযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা গেলে তাঁরা আন্তর্জাতিক মানের পরিবেশে অনুশীলন ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক বা সহযোগিতামূলক চুক্তি করতে পারে।
এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের ছেলে ও মেয়ে উভয় দলের খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ, অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে অনুশীলন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া সহজ হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমে ধারাবাহিকতা তৈরি এবং নতুন খেলোয়াড় তুলে আনার সুযোগও বাড়তে পারে।
বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের অধিনায়ক অনিক চন্দ্র কর বলেন, পর্যাপ্ত জনবল, ক্রীড়া সরঞ্জাম ও প্রশাসনিক সহযোগিতার অভাবে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোতে হচ্ছে। ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় চাইলেও নিজেদের দক্ষতা যথাযথভাবে বিকশিত করতে পারছেন না।
অনিক বলেন, ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে অনুশীলনের সুযোগ নিশ্চিত করা গেলে এসব সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। আধুনিক প্রশিক্ষণ সুবিধা ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অনুশীলন করতে পারলে খেলোয়াড়দের দক্ষতা বাড়বে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পরিবেশ গড়ে উঠবে।
বিশ্ববিদ্যালয়ের নারী ভলিবল দলের খেলোয়াড় বৃষ্টি বলেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা, আধুনিক সরঞ্জাম ও দক্ষ প্রশিক্ষকের অভাবে অনেক শিক্ষার্থী নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স ব্যবহারের সুযোগ পেলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মো. নাজমুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ ও প্রতিভা রয়েছে। কিন্তু পর্যাপ্ত অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধার অভাবে তাঁদের প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কাছেই আন্তর্জাতিক মানের অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ একটি বড় সুযোগ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা চুক্তি করা গেলে ছেলে ও মেয়ে উভয় দলের খেলোয়াড়েরা সেখানে নিয়মিত অনুশীলনের সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগ চালু করা গেলে বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি দক্ষ খেলোয়াড়, কোচ, ফিটনেস ট্রেইনার ও ক্রীড়া ব্যবস্থাপক তৈরির সুযোগ সৃষ্টি হবে।
ত্রিশালের প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স ঘিরে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা এখন মূলত সুযোগ-সুবিধার কার্যকর ব্যবহারের ওপর নির্ভর করছে। কমপ্লেক্সটি নির্মিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশাধিকার, প্রশিক্ষণের সময়সূচি, নারী খেলোয়াড়দের নিরাপত্তা এবং প্রশিক্ষক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি শুধু জাতীয় পর্যায়ের ক্রীড়া অবকাঠামো নয়, আঞ্চলিক পর্যায়েও খেলাধুলার বিকাশে ভূমিকা রাখতে পারে।