দুই একর জমি, নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী ও সন্তোষজনক ফল বাধ্যতামূলক করার প্রস্তাব
বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করতে যাচ্ছে সরকার। এ জন্য প্রস্তাবিত খসড়া নীতিমালায় প্রতিষ্ঠানের নিজস্ব জমি, শিক্ষার্থী সংখ্যা, পাবলিক পরীক্ষার ফলাফল, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও সহশিক্ষা কার্যক্রমের বিষয়ে সুনির্দিষ্ট মানদণ্ড রাখা হয়েছে। এসব শর্ত পূরণ করলেই কোনো প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে জাতীয়করণের সুযোগ পাবে না; জনস্বার্থ, স্থানীয় প্রয়োজন, শিক্ষার উন্নয়ন এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খসড়া নীতিমালা নিয়ে আলোচনা হয়। সভা সূত্রে জানা গেছে, খসড়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। ভাষাগত সংশোধন শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনের উপস্থিতিতে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত অনুমোদনের পর নীতিমালাটি প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে।
খসড়া নীতিমালায় জাতীয়করণের অন্যতম প্রধান শর্ত হিসেবে প্রতিষ্ঠানের নিজস্ব জমির বিষয়টি গুরুত্ব পেয়েছে। মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয় কিংবা কলেজের নিজস্ব মালিকানা ও দখলে খেলার মাঠসহ অন্তত দুই একর শর্তমুক্ত ও নিষ্কণ্টক জমি থাকতে হবে। অর্থাৎ জমি নিয়ে কোনো বিরোধ বা আইনি জটিলতা থাকা চলবে না।
তবে জমি ও অন্যান্য শর্ত পূরণ করলেই জাতীয়করণ নিশ্চিত হবে না। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা এবং সরকারের সক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয়করণের আগে প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
শিক্ষার্থী সংখ্যায় এলাকাভেদে আলাদা শর্ত
জাতীয়করণের যোগ্যতা নির্ধারণে শিক্ষার্থীর সংখ্যার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান ও অবস্থান অনুযায়ী শিক্ষার্থী সংখ্যার পৃথক সীমা প্রস্তাব করা হয়েছে খসড়ায়।
উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি শ্রেণিতে অন্তত ৫৫ জন শিক্ষার্থী থাকতে হবে। জেলা সদর উপজেলায় এ সংখ্যা কমপক্ষে ১২০ জন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে মাধ্যমিকের প্রতি শ্রেণিতে অন্তত ৮০ জন এবং উচ্চমাধ্যমিকের প্রতি বিভাগে ১২০ জন শিক্ষার্থী থাকতে হবে। জেলা সদর উপজেলায় মাধ্যমিকের প্রতি শ্রেণিতে কমপক্ষে ১২০ জন এবং উচ্চমাধ্যমিকের প্রতি বিভাগে ২০০ জন শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
স্নাতক পর্যায়ের কলেজের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে উচ্চমাধ্যমিকের প্রতি বিভাগে অন্তত ১২০ জন এবং স্নাতকের প্রতি বিভাগে ১৬০ জন শিক্ষার্থী থাকতে হবে। জেলা সদর উপজেলায় এ সংখ্যা যথাক্রমে ২০০ ও ২৮০ জন নির্ধারণ করা হয়েছে।
পাবলিক পরীক্ষার ফলেও নির্দিষ্ট মানদণ্ড
শিক্ষার্থীর সংখ্যা ও জমির পাশাপাশি প্রতিষ্ঠানের একাডেমিক ফলাফলকেও জাতীয়করণের যোগ্যতা নির্ধারণের গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে রাখা হয়েছে। খসড়া অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে পাবলিক পরীক্ষায় সংশ্লিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত অন্তত ৯০ শতাংশ শিক্ষার্থীকে অংশ নিতে হবে। একই সঙ্গে পরীক্ষায় পাসের হার থাকতে হবে ন্যূনতম ৯০ শতাংশ।
উচ্চমাধ্যমিক পর্যায়ে পাসের হার কমপক্ষে ৮০ শতাংশ এবং স্নাতক (পাস) পর্যায়ে ৭০ শতাংশ হতে হবে। শুধু একটি বছরের ফলাফল নয়, বিগত পাঁচ বছরের পাবলিক পরীক্ষার গড় ফল বিবেচনায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও সহশিক্ষা কার্যক্রম
জাতীয়করণের যোগ্যতা অর্জনে গ্রন্থাগারের জন্যও নির্দিষ্টসংখ্যক বই রাখার শর্ত রয়েছে। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে কমপক্ষে দুই হাজার, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে তিন হাজার এবং কলেজের গ্রন্থাগারে অন্তত পাঁচ হাজার বই থাকতে হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরীক্ষাগার বা ল্যাব সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউটিং, গার্লস গাইড, বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনার শর্তও রাখা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচলিত নীতিমালা অনুযায়ী কার্যকর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি থাকতে হবে। অর্থাৎ শুধু অবকাঠামো ও শিক্ষার্থী সংখ্যা নয়, প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থাপনা এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনার সক্ষমতাও বিবেচনায় নেওয়া হবে।
দুর্গম ও অনগ্রসর এলাকার প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে
সব শর্ত পূরণকারী প্রতিষ্ঠানের মধ্যে অগ্রাধিকার নির্ধারণের জন্যও কয়েকটি মানদণ্ড রাখা হয়েছে। আর্থসামাজিকভাবে অনগ্রসর, দুর্গম, দারিদ্র্যপীড়িত এবং শিক্ষার হার কম—এমন এলাকার প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব রয়েছে। বিশেষ করে চর, হাওর ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্ব পাবে।
এ ছাড়া পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী সংখ্যা ও পরীক্ষার ফলাফলে এগিয়ে থাকা প্রতিষ্ঠান এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার তালিকায় থাকবে।
যেসব উপজেলায় সমপর্যায়ের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই, সেখানে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে উপজেলা সদরের কাছাকাছি অবস্থিত প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, যেসব উপজেলায় একই পর্যায়ের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেখানে দূরবর্তী প্রতিষ্ঠানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে—এমন প্রতিষ্ঠানও অগ্রাধিকার পাবে। তবে এসব মানদণ্ডের পাশাপাশি সরকারের আর্থিক সক্ষমতা ও স্থানীয় পর্যায়ে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তাই জাতীয়করণের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রস্তাবিত নীতিমালাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। পরবর্তী সভায় চূড়ান্ত অনুমোদন এবং প্রজ্ঞাপন জারির পরই জাতীয়করণের জন্য আবেদনকারী বেসরকারি স্কুল-কলেজের যোগ্যতা ও অগ্রাধিকার নির্ধারণের আনুষ্ঠানিক শর্ত জানা যাবে। ফলে জাতীয়করণের প্রত্যাশায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জমির মালিকানা, শিক্ষার্থী সংখ্যা, ফলাফল ও অন্যান্য অবকাঠামোগত শর্ত পূরণ করা।