ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন। মাঠে একের পর এক সাফল্য, ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়—বিয়ে করেছেন, বাবা হয়েছেন। বাইরে থেকে দেখলে জীবনের সবচেয়ে সুখের সময়। অথচ সেই সময়ই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওয়েইন রুনি। এমনকি একপর্যায়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন ইংল্যান্ডের সাবেক এই তারকা ফুটবলার।
সাম্প্রতিক এক পডকাস্টে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায়ের কথা অকপটে জানিয়েছেন ৪১ বছর বয়সী রুনি। ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট উইথ গ্যাবি লোগান’ পডকাস্টে তিনি জানান, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সাফল্যের শিখরে থাকলেও মাঠের বাইরের জীবন সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন।
২০০৮ সালে কোলিনকে বিয়ে করেন রুনি। পরের বছর জন্ম হয় তাঁদের প্রথম সন্তান কাইয়ের। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে তখন দুর্দান্ত সময় কাটাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল দলটি। কিন্তু ব্যক্তিগত জীবনের সেই আনন্দ কিংবা মাঠের সাফল্য কোনোটিই রুনির মানসিক অস্থিরতা দূর করতে পারেনি।
সেই সময় বাড়িতে টানা দুই দিন পর্যন্ত মদ্যপান করতেন বলে জানিয়েছেন সাবেক এই স্ট্রাইকার। নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখতেন। এমনকি রাস্তায় মানুষের মুখোমুখি হওয়া কিংবা দোকানে যাওয়ার আগ্রহও হারিয়ে ফেলেছিলেন।
রুনি বলেন, ‘এখন পেছনে ফিরে তাকালে মনে হয়, আমি স্বার্থপর ছিলাম। কিন্তু আমি জানতাম, এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, যা সামাল দিতে সত্যিই হিমশিম খাচ্ছিলাম। চাইতাম না আমার ছেলে কাই আমাকে ওই অবস্থায় দেখুক। এ কারণেই নিজেকে আড়াল করে রাখতাম।’
নিজের মানসিক অবস্থার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘একপর্যায়ে এমন অবস্থায় পৌঁছেছিলাম, যখন আত্মহত্যার কথা ভাবছিলাম। কারও সঙ্গে থাকতে ইচ্ছা করত না। রাস্তায় মানুষের মুখোমুখি হতে চাইতাম না। এমনকি দোকানেও যেতে ইচ্ছা করত না। ফুটবল মাঠে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু মাঠের বাইরের সবকিছু সামলাতে সত্যিই খুব কষ্ট হতো।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ক্লাবটির হয়ে করেছেন ২৫৩ গোল। ক্যারিয়ারের সেরা সময়ে এমন মানসিক সংকটের মধ্য দিয়ে যাওয়াটা তাঁর জন্য ছিল আরও কঠিন। নিজের দুর্বলতা প্রকাশ করতে না চাওয়ায় সমস্যাগুলো আড়াল করার চেষ্টা করতেন।
এ প্রসঙ্গে রুনি বলেন, ‘আপনি নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না। তাই সেটি আড়াল করার চেষ্টা করেন। আমি যে অবস্থায় ছিলাম, তা বুঝতে পারলেও স্বীকার করা কঠিন ছিল। কারণ, এমন কিছু করলে নিজেকে ছোট মনে হতো।’
মানসিক সংকটের কারণ খুঁজতে একজন থেরাপিস্টের সাহায্যও নিয়েছিলেন তিনি। রুনির ভাষায়, ‘আমার কী সমস্যা হচ্ছে, তা বোঝার জন্য একজন থেরাপিস্টের সঙ্গে কথা বলছিলাম। এখন পেছনে ফিরে তাকালে মনে হয়, তখন সম্ভবত ক্যারিয়ারের সেরা সময়ে ছিলাম। সদ্য আমার ছেলে হয়েছে, বিয়ে করেছি। জীবনের সবচেয়ে সুখের সময় হওয়ার কথা ছিল সেটি, কিন্তু তা ছিল না। নিজের স্বার্থপর আচরণের কারণে সেটিই সম্ভবত আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।’
সেই কঠিন সময়ে স্ত্রী কোলিনের অবদানও অকপটে স্বীকার করেছেন রুনি। তাঁর মতে, পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে কোলিন চাইলে তাঁকে ছেড়ে চলে যেতে পারতেন। কিন্তু তা না করে পাশে থেকেছেন এবং সংকট কাটিয়ে উঠতে সাহায্য করেছেন।
রুনি বলেন, ‘কোলিন আমাকে অনেক সাহায্য করেছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, সে চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারত। কিন্তু সে আমার পাশে থেকেছে এবং এই কঠিন সময় পার হতে সাহায্য করেছে।’
ফুটবল ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছিলেন রুনি। পরে হ্যারি কেইন সেই রেকর্ড ছাড়িয়ে যান। ২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর এভারটন, যুক্তরাষ্ট্রের ডিসি ইউনাইটেড ও ডার্বি কাউন্টিতে খেলেছেন তিনি। এরপর কোচিংয়ে নাম লেখান। সর্বশেষ প্লাইমাউথ আর্গাইলের কোচের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ডিসেম্বরে ক্লাবটির সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটে।
খেলোয়াড়ি জীবন ও কোচিংয়ের অধ্যায় পেরিয়ে বর্তমানে টেলিভিশন বিশ্লেষক হিসেবেও কাজ করছেন রুনি। সম্প্রতি নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছেন তিনি। দীর্ঘদিনের মদ্যপানের অভ্যাস ছেড়েছেন, বাদ দিয়েছেন কফিও। গ্যাবি লোগানের পডকাস্টে এসব পরিবর্তনের কথাও তুলে ধরেছেন।
এরই মধ্যে নতুন এক অভিজ্ঞতার অংশ হয়েছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। আইটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘আই অ্যাম আ সেলিব্রিটি… গেট মি আউট অব হিয়ার’-এর ২০২৬ সালের আসরে অংশ নিয়েছেন তিনি। ফুটবল মাঠের তারকা থেকে টেলিভিশনের নতুন এই অভিযাত্রা—সব মিলিয়ে জীবনের আরেকটি অধ্যায়ে পা রেখেছেন রুনি।