তিন বছরে মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বাড়লেও তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সেই অনুপাতে বাড়েনি বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, শ্রমিকদের জন্য জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তার প্রতিফলন দেখা যাচ্ছে না। শ্রমিকদের আন্দোলন যৌক্তিক হলেও সরকার তা যথাযথভাবে মোকাবিলা করতে পারছে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের মালিকদের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে ‘উপহার’ ও ‘প্রটেকশন মানি’ আদায়, জ্বালানি সংকটকে পুঁজি করে দুর্নীতি এবং ব্যবসা পরিচালনায় নানা প্রতিবন্ধকতার অভিযোগ তোলেন তিনি। শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে হাসনাত বলেন, এ আন্দোলনকে ব্যবহার করে দেশের অর্থনীতি অস্থিতিশীল করার চেষ্টা হলে তা মোকাবিলার দায়িত্ব সরকারকে নিতে হবে।
হাসনাত বলেন, ‘প্রতিমন্ত্রীর কথা শুনে মনে হয়েছে, উনি যে পৃষ্ঠায় আছেন, আমরাও একই পৃষ্ঠায় আছি। উনি শেষের দিকে এসে যেটা বললেন—শ্রমিক যদি না বাঁচে, শিল্প যদি না বাঁচে, তাহলে দেশ বাঁচবে না। আমরাও এটা বিশ্বাস করি। কিন্তু আমাদের সংশয়ের জায়গাটা কোথায়? সেটা হচ্ছে, বেড়ায় যদি ক্ষেত খায়, ক্ষেত বাঁচানো বড় দায়।’
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মজুরির অসামঞ্জস্য তুলে ধরে তিনি বলেন, ‘গত তিন বছর ধরে সমস্যাটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ এবং এটার ধারাবাহিকতা এই সরকারের অব্যবস্থাপনার কারণে থেকেছে। মোটামুটি তিন বছরে মূল্যস্ফীতি গড়ে ২৬ শতাংশের বেশি বেড়েছে। ঢাকা শহরে চারজনের একটি পরিবারের এক মাসের খাবারের খরচ হয় ১২ থেকে ১৬ হাজার টাকা। সেখানে সর্বনিম্ন মজুরি নির্ধারিত আছে ১২ হাজার টাকা।’
জোনায়েদ সাকির বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাসনাত বলেন, ‘সেই প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে জাতীয় মজুরি নির্ধারণ করব ২০ হাজার টাকা। উনি ক্ষমতায় এসেছেন বলে আমি বুঝতে পারি। কিন্তু সেই প্রতিশ্রুতির প্রতিফলন মজুরি বোর্ডে দেখতে পাব বলে আমরা আশা করেছিলাম।’
মজুরি বোর্ডের বৈঠক না হওয়ার অভিযোগ তুলে হাসনাত বলেন, ‘আজকেও একটা মিটিং ছিল, এই মিটিংটা কিন্তু হয়নি। শ্রমিকদের মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, খাবার কিনতে কষ্ট হচ্ছে, গ্যাসের দাম বেড়েছে, জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে একজন শ্রমিকের চলাফেরা অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় তারা যে আন্দোলন করছে, এটা যৌক্তিক আন্দোলন। কিন্তু সরকার এই আন্দোলন সঠিকভাবে সামলাতে পারছে না।’
‘ঘুষ নয়, উপহার দিতে হয়’
তৈরি পোশাকশিল্পের মালিকদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন দপ্তরে হয়রানি ও অর্থ দেওয়ার অভিযোগ তুলে হাসনাত বলেন, কাঁচামাল আমদানির পর ট্যাক্স, কাস্টমস, ভ্যাট ও এক্সাইজসহ বিভিন্ন দপ্তরের অনুমতি নিতে হয়। প্রতিটি পর্যায়ে ‘উপহার’ দিতে হয় বলে অভিযোগ করেন তিনি।
হাসনাত বলেন, মাননীয় স্পিকার, এটা তো আর ঘুষ বলা যাবে না, এটাকে উপহার বলতে হবে। কারণ, এই সরকারের আমলে কিছু শব্দ পরিবর্তন হয়েছে। জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসের কথা আপনার মনে থাকার কথা। সেখানে মিনিস্ট্রি অব ট্রুথ, মিনিস্ট্রি অব পিস, মিনিস্ট্রি অব লাভ ও মিনিস্ট্রি অব প্লেন্টি ছিল। মিনিস্ট্রি অব পিস যুদ্ধ লাগাত, মিনিস্ট্রি অব লাভ নির্যাতন করত, আর মিনিস্ট্রি অব ট্রুথ সত্যকে বিকৃত করত।
সরকারের শব্দ ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, ‘ঠিক একইভাবে এই সরকার জর্জ অরওয়েলের ফর্মুলাটা ভালোভাবে গ্রহণ করতে পেরেছে। এই সরকার ঋণখেলাপি বলে না, বলে ঋণগ্রস্ত। চাঁদাবাজি বলে না, বলে সমঝোতা। আবার ঘুষ বলে না, বলে কী? উপহার।’
বন্দর থেকে পণ্য বন্ডেড ওয়্যারহাউসে নেওয়া, সেখান থেকে কারখানায় আনা, ফ্যাক্টরি পরিদর্শন এবং রপ্তানির প্রতিটি পর্যায়ে অর্থ দিতে হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘এই উপহারের অত্যাচারে গার্মেন্টসের মালিকরা দুর্বিষহ জীবনযাপন করছেন। উপহার যেন দিতে না হয়, সে জন্য সরকারদলীয় বিভিন্ন নেতা অথবা প্রভাবশালী নেতাকে কনসালট্যান্ট হিসেবে রাখেন। এটি প্রটেকশন মানি হিসেবে পরিচিত। এই প্রটেকশন মানিও তাদের দিতে হয়।’
ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের ভূমিকা তুলে ধরে হাসনাত বলেন, ‘বেতন বৃদ্ধি পেলে নিশ্চয়ই সরকারের পকেট থেকে বেতন দেওয়া হবে না, বেতন দেবে মালিকপক্ষ। এক্ষেত্রে সরকারের কাজ হচ্ছে সহযোগিতা করা, ব্যবসাটাকে সহজ করে দেওয়া। কিন্তু ব্যবসাবান্ধব পরিবেশ দূরের কথা, ব্যবসায় প্রতিবন্ধকতা যতভাবে তৈরি করা যায়, সব ধরনের আয়োজন করা হচ্ছে। সরকারের যে সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন ছিল, সরকার সেই ভূমিকা রাখছে না।’
গ্যাস সংকটকে পুঁজি করে দুর্নীতির অভিযোগ
জ্বালানি সংকটের জন্য সরকারকে সরাসরি দায়ী না করলেও সংকটকে কাজে লাগিয়ে দুর্নীতির অভিযোগ করেন হাসনাত। তিনি বলেন, ‘যে গ্যাস সংকট তৈরি হয়েছে, সেই সংকট নিশ্চয়ই এই সরকার ইরানে গিয়ে বোমা মেরেছে বলে তৈরি হয়নি। এটা আমরা জানি। কিন্তু সরকার এই গ্যাস সংকটকে কাজে লাগিয়ে, পুঁজি করে দুর্নীতি করছে।’
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কথা আছে, বাড়িতে যদি ঘর পোড়ে, একটা পক্ষ থাকে, তারা আলু পোড়া দিয়ে খায়। এখানে ঘর পোড়া চলছে, গ্যাস সংকট চলছে, আমাদের থার্ড এফএসআরইউ লাগবে।’
প্রতিমন্ত্রীর আগের দিনের বক্তব্যের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ‘মাননীয় প্রতিমন্ত্রী গতকাল একটা বিবৃতি দিয়েছেন। শুনতে ভালো লেগেছে। আরও সময় পাওয়া গেলে একটা একটা করে সেগুলো খণ্ডন করতে পারতাম। কিন্তু ৬ হাজার ৩০০ কোটি টাকা বেশি দিয়ে উনি এটার উত্তর দেননি যে, এই সংসদের একজন সংসদ সদস্যের নাতির প্রস্তাবের সঙ্গে এটা কীভাবে মিলে যায়। ঘর পুড়ছে, সংকটের মধ্যে রয়েছে। এই সংসদের একজন সংসদ সদস্যের নাতি আলু পোড়া দিয়ে খেতে ভুল করেননি।’
সরকারি অনুষ্ঠান আয়োজনেও চাঁদা আদায়ের অভিযোগ
ব্যবসায়ীদের কাছ থেকে সরকারি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য অর্থ আদায়ের অভিযোগ তুলে হাসনাত বলেন, ‘২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, পহেলা বৈশাখ—এ ধরনের অনুষ্ঠানে সরকারের বরাদ্দ থাকে না। সেখানে ইউএনও অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা নেওয়া হয়। এই চাঁদাগুলো প্রতিষ্ঠানগুলোকে বহন করতে হয়। ফলে প্রতিষ্ঠানের খরচ অনেক বেড়ে যায়।’
তিনি বলেন, ‘এই খরচগুলো কমাতে পারলে ব্যবসায়ীদের জন্য একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা যেত। সরকারের কাজ হচ্ছে ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা, একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা।’
শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ
তৈরি পোশাকশিল্পের শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন হাসনাত। তিনি বলেন, ‘আমরা শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি এবং অনেক প্রমাণ আছে যে, এই আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে। এই আওয়ামী লীগকে গ্রেপ্তার করার দায়িত্ব, প্রতিরোধ করার দায়িত্ব কিন্তু এই সরকারকে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘শুধু গার্মেন্টস খাত নয়, প্রত্যেকটা খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদী শক্তি আবার ক্ষমতায় আসার জন্য দেশ-বিদেশে চেষ্টা করছে।’
বিদেশি শক্তির ভূমিকার অভিযোগ তুলে হাসনাত বলেন, ‘ভারতের উলফা যদি বাংলাদেশে বসে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করত, ভারত কিন্তু আমাদের কোনোভাবে ছাড় দিত না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভারতের প্রশ্রয়ে, ভারতের ভূমি ব্যবহার করে, ভারতের আশ্রয় নিয়ে সারা বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে।’
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি ও সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘গোপালগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে অস্থিতিশীল পরিস্থিতি শুরু করেছে এবং যে আগুন সন্ত্রাস শুরু করেছে, এটা যদি চলমান থাকে, তাহলে গার্মেন্টস খাত বলেন আর যেকোনো খাত বলেন, কোনো খাতই দাঁড়াতে পারবে না।’
৪৫ বিলিয়ন ডলারের বাজার হারানোর ঝুঁকি
শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের পাশাপাশি মালিকদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘আমাদের শ্রমিকদের যে সমস্যা রয়েছে এবং মালিকদের যে সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয়ের মধ্য দিয়ে সমাধান করতে হবে। যাতে করে আমাদের ৪৫ বিলিয়ন ডলারের যে বাজার রয়েছে, এই বাজারটা যেন আমরা না হারাই।’
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ক্রয়াদেশের মৌসুম। আমাদের বেশিরভাগ ক্রয়াদেশ ইতিমধ্যে ভারত ও ভিয়েতনামে সরে যাওয়া শুরু করেছে। আমরা যদি স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করতে না পারি, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করতে না পারি এবং মালিকদের জন্য একটা স্বস্তিদায়ক ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে এর ভুক্তভোগী সবাই হবে।’
দেশের কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সংকট এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই জায়গা থেকে সরকার ও বিরোধী দল মিলে এই সংকট সমাধান করতে হবে।’
আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অর্থায়নের অভিযোগ তদন্তের দাবি জানিয়ে হাসনাত বলেন, ‘আওয়ামী লীগের যারা ষড়যন্ত্র করছে, অর্থায়ন করছে, তাদের খুঁজে বের করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহায়তা করতে প্রস্তুত।’