ঈশ্বরদী থেকে নাসা

মহাকাশের রহস্য উন্মোচনে পাবনার মেয়ে মাহমুদার ক্ষুদ্র প্রযুক্তি

গাজী তাসফিয়া হক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:১১
নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন মাহমুদা সুলতানা। ছবি: সংগৃহীত ছবি:
নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন মাহমুদা সুলতানা। ছবি: সংগৃহীত

পাবনার মেয়ে মাহমুদা সুলতানা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কাজ করছেন বিজ্ঞানী হিসেবে। ন্যানোপ্রযুক্তি, উন্নত সেন্সর ও ক্ষুদ্র বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবনে তাঁর গবেষণা খুলে দিচ্ছে দূরবর্তী গ্রহ ও উপগ্রহ অনুসন্ধানের নতুন সম্ভাবনা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রযুক্তি উন্নয়ন থেকে নেপচুনের উপগ্রহ ট্রাইটন অনুসন্ধানের পরিকল্পনা—মহাকাশের অজানা রহস্যের সন্ধানে যুক্ত হয়েছে তাঁর মেধা ও উদ্ভাবনী চিন্তা

মহাকাশের বিশাল অন্ধকারে কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না, দূরবর্তী কোনো গ্রহের বায়ুমণ্ডলে কী ধরনের গ্যাস রয়েছে কিংবা কোনো মহাজাগতিক বস্তুর রাসায়নিক গঠন কেমন—এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীদের নির্ভর করতে হয় অত্যাধুনিক প্রযুক্তির ওপর। প্রয়োজন এমন সব বৈজ্ঞানিক যন্ত্র, যেগুলো আকারে ছোট হলেও অত্যন্ত সংবেদনশীল ও কার্যকর। সেই প্রযুক্তি উদ্ভাবনের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশের মেয়ে মাহমুদা সুলতানা।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। ন্যানোপ্রযুক্তি, উন্নত সেন্সর, মাইক্রোইলেকট্রনিকস এবং ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র নিয়ে তাঁর গবেষণা ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।

পাবনার ঈশ্বরদীতে জন্ম নেওয়া মাহমুদার বিজ্ঞানী হয়ে ওঠার গল্পের শুরু শৈশবেই। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। যন্ত্রপাতি কীভাবে কাজ করে, প্রযুক্তির সাহায্যে কীভাবে নতুন কিছু তৈরি করা যায়—এসব বিষয় তাঁকে ভাবাত। তাঁর বাবা ছিলেন প্রকৌশলী। বাবার সঙ্গে বিভিন্ন প্রকৌশল প্রকল্পে যাওয়ার সুযোগ হতো ছোট্ট মাহমুদার। সেখানে যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার কাছ থেকে দেখতেন। সেই অভিজ্ঞতা বিজ্ঞানের প্রতি তাঁর আগ্রহকে আরও গভীর করে তোলে।

মহাকাশ গবেষণার প্রতি আকর্ষণ তৈরিতেও পরিবারের ভূমিকা ছিল। তাঁর এক নিকটাত্মীয় যুক্তরাষ্ট্রের নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। ওই আত্মীয়ের কাছ থেকে মহাকাশ, গ্রহ-নক্ষত্র ও বৈজ্ঞানিক গবেষণার নানা গল্প শুনতেন মাহমুদা। সেসব গল্প তাঁর কল্পনার জগৎকে বিস্তৃত করে। একসময় মহাকাশ নিয়ে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।

মাত্র ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলে যান মাহমুদা। সেখানে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় উচ্চশিক্ষা শুরু করেন। রাসায়নিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি গণিতেও বিশেষায়িত শিক্ষা নেন। অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে পান ‘সুমা কাম লাউড’ সম্মাননা। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। সেখানে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করেন। পাশাপাশি কোয়ান্টাম মেকানিকস নিয়েও বিশেষায়িত গবেষণা করেন।

গ্রাফিনভিত্তিক সেন্সর, এক্স-রে ডিটেক্টর ও ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র তৈরিতেও কাজ করেছেন তিনি

তবে এই পথচলা বাধাহীন ছিল না। প্রকৌশলীদের আবাসিক এলাকায় বেড়ে উঠলেও আশপাশে নারী প্রকৌশলী খুব একটা দেখতেন না মাহমুদা। একসময় তাঁর মনে হয়েছিল, প্রকৌশল বুঝি পুরুষদের পেশা। কিন্তু গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি ভালোবাসা তাঁকে সেই ধারণার মধ্যে আটকে থাকতে দেয়নি। নিজের আগ্রহ ও যোগ্যতার ওপর আস্থা রেখে এগিয়ে গেছেন তিনি।

শেষ জীবনবৃত্তান্তটি জমা দিয়েছিলেন নাসায়

এমআইটিতে পিএইচডির শেষ পর্যায়ে চাকরির খোঁজ করছিলেন মাহমুদা। বিশ্ববিদ্যালয়ের একটি ক্যারিয়ার মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিচ্ছিলেন। একের পর এক প্রতিষ্ঠানে সিভি দেওয়ার পর হাতে ছিল শেষ একটি কপি। হঠাৎ চোখে পড়ে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বুথ। ছোটবেলার মহাকাশ গবেষক হওয়ার স্বপ্নের কথা মনে পড়ে যায় তাঁর। শেষ জীবনবৃত্তান্তটি জমা দেন সেখানেই।

নাসার কর্মকর্তারা প্রথমে তাঁর গবেষণার বিষয় ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। রাসায়নিক প্রকৌশলের পাশাপাশি ক্ষুদ্র বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্র নিয়ে গবেষণার অভিজ্ঞতা তাঁদের আগ্রহী করে তোলে। পরবর্তী সময়ে সাক্ষাৎকারের পর নাসায় কাজের সুযোগ পান মাহমুদা। ২০১০ সালে যোগ দেন গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে। এভাবেই শৈশবের স্বপ্ন বাস্তবের পথে যাত্রা শুরু করে।

নাসায় যোগ দেওয়ার পর উন্নত সেমিকন্ডাক্টর, মাইক্রোইলেকট্রনিক ডিভাইস ও ন্যানোম্যাটেরিয়াল নিয়ে গবেষণায় যুক্ত হন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাইক্রোশাটার অ্যারে প্রযুক্তির উন্নয়নে অবদান। এই প্রযুক্তিতে রয়েছে শত শত অতি ক্ষুদ্র দরজা, যেগুলো প্রয়োজন অনুযায়ী খুলতে ও বন্ধ হতে পারে। এর মাধ্যমে টেলিস্কোপ নির্দিষ্ট মহাজাগতিক বস্তু থেকে আসা আলো গ্রহণ ও বিশ্লেষণ করতে পারে। ফলে দূরবর্তী নক্ষত্র ও গ্যালাক্সি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়।

এ ছাড়া গ্রাফিনভিত্তিক সেন্সর, এক্স-রে ডিটেক্টর এবং ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র তৈরিতেও কাজ করেছেন মাহমুদা। এসব প্রযুক্তির মূল লক্ষ্য—কম জায়গা ও কম ওজনের মধ্যে বেশি কার্যক্ষমতা নিশ্চিত করা, যাতে মহাকাশযানে বহনযোগ্য যন্ত্র দিয়েই জটিল বৈজ্ঞানিক পরীক্ষা চালানো যায়।

ন্যানোপ্রযুক্তিতে ক্ষুদ্র যন্ত্রের বড় সম্ভাবনা

মাহমুদার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ন্যানোপ্রযুক্তি। এক ন্যানোমিটার হলো এক মিটারের একশ কোটি ভাগের এক ভাগ। এত ক্ষুদ্র মাত্রায় পদার্থের বিশেষ বৈশিষ্ট্য কাজে লাগিয়ে তৈরি করা যায় অত্যন্ত সংবেদনশীল সেন্সর ও ডিটেক্টর। এসব যন্ত্রের সাহায্যে অতি সামান্য পরিমাণ গ্যাস, রাসায়নিক উপাদান কিংবা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করা সম্ভব।

এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক বহুমুখী ন্যানোসেন্সর প্ল্যাটফর্ম। এর মূল ধারণা হলো, একই ক্ষুদ্র যন্ত্রে বিভিন্ন ধরনের ন্যানোম্যাটেরিয়ালভিত্তিক সেন্সর যুক্ত করা। ফলে একটি ছোট যন্ত্রের সাহায্যে পরিবেশের একাধিক উপাদান শনাক্ত ও বিশ্লেষণ করা যেতে পারে।

২০১৯ সালে এই প্রযুক্তির উন্নয়নে মাহমুদা ও তাঁর দল নাসার কাছ থেকে ২০ লাখ ডলারের প্রযুক্তি উন্নয়ন অনুদান পায়। যন্ত্রটির নকশায় গ্যাস, বাষ্প, বায়ুচাপ ও তাপমাত্রা শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সংগৃহীত তথ্য তারবিহীনভাবে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। ভবিষ্যতে চাঁদ, মঙ্গলসহ অন্যান্য গ্রহের পরিবেশ ও বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য সংগ্রহে এ ধরনের প্রযুক্তি কাজে লাগতে পারে।

আরেকটি উল্লেখযোগ্য গবেষণা কোয়ান্টাম ডট স্পেকট্রোমিটার। কোয়ান্টাম ডট হলো অতি ক্ষুদ্র সেমিকন্ডাক্টর কণা। এসব কণার আকার, আকৃতি ও রাসায়নিক গঠনের ওপর নির্ভর করে আলো শোষণ ও নির্গমনের বৈশিষ্ট্য বদলে যায়। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে ছোট ও হালকা স্পেকট্রোমিটার তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রচলিত স্পেকট্রোমিটারে আলোকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলাদা করতে প্রিজম বা বিশেষ গ্রেটিং ব্যবহার করা হয়। কোয়ান্টাম ডট প্রযুক্তিতে ভিন্ন পদ্ধতিতে আলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করা সম্ভব। এর ফলে প্রচলিত যন্ত্রের তুলনায় ছোট ও হালকা বৈজ্ঞানিক যন্ত্র তৈরির পথ তৈরি হতে পারে।

এই গবেষণার সবচেয়ে অভিনব ধারণাগুলোর একটি হলো, মহাকাশযানের সৌরপালককেই বৈজ্ঞানিক সেন্সর হিসেবে ব্যবহার করা। সাধারণত সৌরপালক মহাকাশযানের চলাচলের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহে ব্যবহৃত হয়। কিন্তু মাহমুদার গবেষণায় সৌরপালকের পৃষ্ঠে কোয়ান্টাম ডটভিত্তিক স্পেকট্রোমিটার স্থাপনের ধারণা রয়েছে। এতে একই কাঠামো মহাকাশযানের চলাচল এবং বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ—দুই কাজেই ভূমিকা রাখতে পারে। ফলে মহাকাশযানের ওজন ও নির্মাণব্যয় কমানোর সম্ভাবনাও রয়েছে। দূরবর্তী গ্রহ ও উপগ্রহের রাসায়নিক উপাদান বিশ্লেষণে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাইক্রোশাটার অ্যারে উন্নয়নে অবদান

নেপচুনের উপগ্রহ ট্রাইটন ঘিরে নতুন স্বপ্ন

সৌরজগতের দূরবর্তী গ্রহ নেপচুন এবং তার উপগ্রহ ট্রাইটন অনুসন্ধানেও বিশেষ আগ্রহ রয়েছে মাহমুদার। এ লক্ষ্য সামনে রেখে তাঁর নেতৃত্বাধীন ‘সায়েন্সক্রাফট ফর আউটার প্ল্যানেট এক্সপ্লোরেশন’ বা স্কোপ একটি উল্লেখযোগ্য গবেষণা উদ্যোগ।

২০২২ সালে প্রকল্পটি নাসার ইনোভেটিভ অ্যাডভান্সড কনসেপ্টস (এনআইএসি) কর্মসূচির প্রথম পর্যায়ের জন্য নির্বাচিত হয়। পরে ২০২৪ সালে দ্বিতীয় পর্যায়ের গবেষণার জন্যও নির্বাচিত হয় এটি। দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটির প্রযুক্তিগত সম্ভাবনা আরও উন্নত করা, প্রয়োজনীয় যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা এবং ভবিষ্যৎ অভিযান বাস্তবায়নের পরিকল্পনা তৈরির কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটির লক্ষ্য নেপচুনের উপগ্রহ ট্রাইটন সম্পর্কে নতুন তথ্য সংগ্রহের সম্ভাবনা তৈরি করা। ট্রাইটনের বায়ুমণ্ডল, আয়নমণ্ডল, পৃষ্ঠ থেকে নির্গত পদার্থ এবং অভ্যন্তরীণ গঠন নিয়ে বিজ্ঞানীদের অনেক প্রশ্ন রয়েছে। সৌরপালক ও কোয়ান্টাম ডটভিত্তিক প্রযুক্তির সমন্বয়ে এসব প্রশ্নের উত্তর খোঁজার নতুন পথ তৈরি হতে পারে। দূরবর্তী এই উপগ্রহের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারলে সৌরজগতের বাইরের প্রান্তের জগৎ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাও সমৃদ্ধ হবে।

উদ্ভাবনের স্বীকৃতি, পুরস্কার ও নতুন প্রজন্মের অনুপ্রেরণা

গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন মাহমুদা সুলতানা। ২০১২ সালে নাসা গডার্ডের আইএসটিডি নিউ অ্যাচিভার মেডেল পান তিনি। ২০১৩ সালে অর্জন করেন নাসার আর্লি ক্যারিয়ার অ্যাচিভমেন্ট মেডেল। ২০১৪ সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পে অবদানের জন্য পান গ্রুপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

২০১৭ সালে তাঁকে দেওয়া হয় গডার্ড ইনোভেটর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এরপর ২০১৮ সালে রবার্ট এইচ. গডার্ড টিম অ্যাওয়ার্ড, ২০১৯ সালে রবার্ট এইচ. গডার্ড অ্যাওয়ার্ড ফর টেকনিক্যাল এক্সিলেন্স এবং ২০২১ সালে ক্রেইগ টুলি অ্যাওয়ার্ড ও স্পেস টেকনোলজি মিশন ডিরেক্টরেট ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

গবেষণাগারের কাজের বাইরেও নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রকৌশলে আগ্রহী করে তুলতে ভূমিকা রাখছেন মাহমুদা। বিশেষ করে মেয়েদের বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলনির্ভর পেশায় এগিয়ে আসতে উৎসাহ দেন। বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর বিশ্বাস, মেয়েরাও বিজ্ঞানী ও প্রকৌশলী হতে পারে—এমন বাস্তব উদাহরণ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি।

ঈশ্বরদীর এক কৌতূহলী শিশুর মহাকাশ গবেষণার স্বপ্ন আজ তাঁকে নিয়ে গেছে নাসার গবেষণাগারে। এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি অধ্যবসায়, বিজ্ঞানমনস্কতা ও নিজের সক্ষমতার ওপর আস্থার গল্প। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণের সম্ভাবনাও তুলে ধরে মাহমুদার পথচলা।

মহাকাশ গবেষণায় ভবিষ্যতের বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো—আরও কম ওজন, কম জায়গা ও কম শক্তি ব্যবহার করে বেশি তথ্য সংগ্রহ করা। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষুদ্র সেন্সর ও উন্নত বৈজ্ঞানিক যন্ত্র নিয়ে কাজ করছেন মাহমুদা। তাঁর গবেষণার প্রযুক্তি ভবিষ্যতে বাস্তব মহাকাশ অভিযানে ব্যবহৃত হলে সৌরজগতের দূরবর্তী কোনো গ্রহ বা উপগ্রহের পরিবেশ সম্পর্কে মিলতে পারে নতুন তথ্য। উন্মোচিত হতে পারে মহাকাশের এমন কোনো রহস্য, যার উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা বহুদিন ধরে।

১

চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

২

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

৩

মেহেরপুরের গাংনীতে লকডাউন কর্মসূচির সমর্থনে আ.লীগের বিক্ষোভ, সড়কে আগুন

৪

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৬

পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা

৭

ইনফান্তিনোকে হটাতে ইউরোপের বাইরেও সমর্থন পাচ্ছেন ডিয়ালো

৮

একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

৯

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন

১০

মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের

১১

পল্লবী ও মহাখালীতে বাসে আগুন

১২

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা

১৩

জামায়াতপন্থি আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে

১৪

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৫

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }