বন্ড সিনেমার তালিকায় সেরা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ খারাপ ‘ডাই অ্যানাদার ডে’

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

দুনিয়ার সবচেয়ে পরিচিত কাল্পনিক গুপ্তচরদের একজন জেমস বন্ড। হাতে অত্যাধুনিক অস্ত্র, চোখে কালো সানগ্লাস, পরনে নিখুঁত স্যুট, সঙ্গে দ্রুতগতির গাড়ি আর সুন্দরী সঙ্গিনী—এই পরিচিত অনুষঙ্গগুলো নিয়েই ছয় দশকের বেশি সময় ধরে দর্শককে মুগ্ধ করে চলেছে ০০৭। কখনো শীতল মাথার পেশাদার গুপ্তচর, কখনো রসিক ও রোমান্টিক নায়ক, আবার কখনো ব্যক্তিগত ক্ষত আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক মানুষ—বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে পর্দায় হাজির হয়েছেন জেমস বন্ড।

১৯৬২ সালে ‘ড. নো’ দিয়ে যে যাত্রা শুরু, তা এখন ২৫টি সিনেমার এক বিশাল চলচ্চিত্র-সাম্রাজ্য। শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ—ছয় অভিনেতা নিজেদের মতো করে চরিত্রটিকে নতুন করে নির্মাণ করেছেন। ফলে বন্ডভক্তদের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক, কে সেরা বন্ড? আর কোন সিনেমাটি এই সিরিজের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়?

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট সিরিজের ২৫টি সিনেমাকে সবচেয়ে খারাপ থেকে সেরা পর্যন্ত সাজিয়েছে। প্রতিবেদক অ্যাডাম হোয়াইট ও আলেকজান্দ্রা পোলার্ডের এই তালিকায় রয়েছে বেশ কিছু চমক। দর্শকপ্রিয় কয়েকটি সিনেমা জায়গা পেয়েছে নিচের দিকে, আবার তুলনামূলক কম আলোচিত কিছু ছবি উঠে এসেছে শীর্ষ পাঁচে। তালিকাটি তৈরি করতে তাঁরা গল্প, অভিনয়, পরিচালনা, অ্যাকশন, খলনায়ক ও সিনেমার সামগ্রিক আবেদন বিবেচনায় নিয়েছেন।

বন্ডের সিনেমায় বদলেছে সময়, বদলেছে নায়ক
বন্ড সিরিজের অন্যতম বৈশিষ্ট্য হলো, সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা। ষাটের দশকে স্নায়ুযুদ্ধের আবহে বন্ড ছিলেন পরিপাটি, আত্মবিশ্বাসী ও প্রায় অজেয় এক গুপ্তচর। রজার মুরের সময় চরিত্রটিতে যোগ হয় হাস্যরস, রোমাঞ্চ ও কিছুটা অতিরঞ্জিত কৌতুক। টিমোথি ডালটন বন্ডকে ফিরিয়ে আনেন অপেক্ষাকৃত গম্ভীর ও কঠোর রূপে। পিয়ার্স ব্রসনানের সময় সিরিজে ফিরে আসে প্রযুক্তিনির্ভর ঝলমলে অ্যাকশন। আর ড্যানিয়েল ক্রেগের বন্ড হয়ে ওঠেন অনেক বেশি মানবিক—যাঁর রয়েছে প্রেম, শোক, রাগ, দুর্বলতা ও ব্যক্তিগত দ্বন্দ্ব।

দ্য ইনডিপেনডেন্টের পর্যবেক্ষণ, নতুন অভিনেতা দায়িত্ব নেওয়ার পর সাধারণত সিরিজটি নতুন উদ্যম পায়। কিন্তু সময়ের সঙ্গে সেই নতুনত্বই কখনো কখনো আত্ম-অনুকরণে পরিণত হয়। অতিরিক্ত বাজেট, বড়সড় অ্যাকশন আর বাড়াবাড়ি রকমের কৌতুক অনেক সময় সিনেমার মূল আকর্ষণকে দুর্বল করে দেয়।
চলুন, দেখে নেওয়া যাক পত্রিকাটির তালিকায় কোন সিনেমা কোথায় জায়গা পেয়েছে।

.

সবচেয়ে খারাপের তালিকায় যে ১০ সিনেমা

২৫তম থেকে ১৬তম

২৫. ‘ডাই অ্যানাদার ডে’ (২০০২)
তালিকার একেবারে শেষে পিয়ার্স ব্রসনানের ‘ডাই অ্যানাদার ডে’। অদৃশ্য হয়ে যেতে পারে এমন গাড়ি, বরফের ওপর অবাস্তব সার্ফিং, ম্যাডোনার অভিনয়—সব মিলিয়ে সিনেমাটিকে অতিরিক্ত কৃত্রিম মনে হয়েছে দুই সমালোচকের। ছবিতে হ্যালি বেরির উপস্থিতি অবশ্য দর্শকের জন্য বড় আকর্ষণ ছিল। কিন্তু তারকাবহুল আয়োজনও দুর্বল চিত্রনাট্য ও অতিরঞ্জিত অ্যাকশনের দুর্বলতা ঢাকতে পারেনি।

২৪. ‘স্পেক্টার’ (২০১৫)
ড্যানিয়েল ক্রেগের বন্ড-যুগের অন্যতম হতাশাজনক সিনেমা ‘স্পেক্টার’। ছবির শুরুতে মেক্সিকোর ডে অব দ্য ডেড উৎসবের দৃশ্যটি দারুণ চমক তৈরি করেছিল। কিন্তু এরপর গল্পের গতি ও উত্তেজনা ধরে রাখতে পারেননি নির্মাতারা। বন্ডের চিরপ্রতিদ্বন্দ্বী ব্লোফেল্ডকে ঘিরে যে রহস্য ও উত্তেজনা তৈরি হওয়ার কথা, সেটিও যথাযথভাবে কাজে লাগানো হয়নি। প্রায় ১৬০ মিনিটের সিনেমায় মনে রাখার মতো মুহূর্তের অভাব ছিল।

২৩. ‘মুনরেকার’ (১৯৭৯)
মহাকাশে বন্ডের অভিযান—শুনতে যতটা রোমাঞ্চকর, পর্দায় ততটা নয়। রজার মুর অভিনীত এই সিনেমায় গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত হয়েছে মহাকাশযান চুরি, গন্ডোলায় ধাওয়া আর নানা অবাস্তব ঘটনা। বন্ডের প্রতিপক্ষ হিসেবে পরিচিত জজ চরিত্রটির প্রেমের গল্পও সমালোচকদের কাছে অতিরিক্ত হাস্যকর মনে হয়েছে। সিনেমাটিতে কিছু ভালো অ্যাকশন থাকলেও অতিরিক্ত কৌতুক ও কল্পনার ভারে মূল গল্প চাপা পড়ে গেছে।

২২. ‘টুমরো নেভার ডাইজ’ (১৯৯৭)
পিয়ার্স ব্রসনানের এই সিনেমায় গণমাধ্যমের ক্ষমতা ও সংবাদ নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরা হয়েছিল। কিন্তু গল্পের গভীরতা ও চরিত্র নির্মাণে ঘাটতি ছিল বলে মনে করেছে দ্য ইনডিপেনডেন্ট। মিশেল ইয়ো ছবির অন্যতম শক্তি। তবে খলনায়ক হিসেবে জোনাথন প্রাইসের চরিত্রটি যথেষ্ট ভয়ংকর হয়ে উঠতে পারেনি। রিমোট কন্ট্রোলে চালিত বিএমডব্লিউ গাড়ির দৃশ্যটি অবশ্য এখনো স্মরণীয়।

.

২১. ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান’ (১৯৭৪)
রজার মুরের বন্ড-যুগের এই ছবিতে খলনায়ক ফ্রান্সিসকো স্কারামাঙ্গার চরিত্রে ছিলেন ক্রিস্টোফার লি। দুর্দান্ত অভিনেতা হওয়া সত্ত্বেও ছবির দুর্বল চিত্রনাট্য তাঁকে যথাযথভাবে কাজে লাগাতে পারেনি। ব্রিট একল্যান্ডের চরিত্রটিও ছিল অনেকটাই নিষ্প্রভ। আয়নার গোলকধাঁধায় শেষ লড়াইয়ের মতো কিছু দৃশ্য থাকলেও সামগ্রিকভাবে ছবিটি বন্ড সিরিজের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

২০. ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ (১৯৯৯)
পিয়ার্স ব্রসনানের আরেকটি সিনেমা। এখানে ডেনিস রিচার্ডস অভিনীত ড. ক্রিসমাস জোন্স চরিত্রটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে। অন্যদিকে সোফি মার্সোর অভিনীত ইলেকট্রা কিং চরিত্রটি ছবির অন্যতম আকর্ষণ। তাঁর চরিত্রের উদ্দেশ্য ও আচরণ দর্শকের কাছে শেষ পর্যন্ত অনিশ্চিত থাকে। ফলে সিনেমাটির কিছু দুর্বলতা সত্ত্বেও খলনায়িকার উপস্থিতি ছবিকে আলাদা মাত্রা দিয়েছে।

১৯. ‘লাইসেন্স টু কিল’ (১৯৮৯)
টিমোথি ডালটনের বন্ড হিসেবে দ্বিতীয় সিনেমা। এখানে বন্ডের চরিত্র আগের তুলনায় অনেক বেশি নিষ্ঠুর, প্রতিশোধপরায়ণ ও গম্ভীর। বন্ধুর ওপর হামলার প্রতিশোধ নিতে গিয়ে তিনি ব্যক্তিগত যুদ্ধে জড়িয়ে পড়েন। মরুভূমিতে ট্যাংকার নিয়ে ধাওয়ার দৃশ্যটি ছবির বড় আকর্ষণ। তবে সিনেমার অতিরিক্ত সহিংসতা এবং ডালটনের বিষণ্ন অভিনয় সবাইকে সন্তুষ্ট করতে পারেনি।

.

১৮. ‘স্কাইফল’ (২০১২)
ড্যানিয়েল ক্রেগের সবচেয়ে প্রশংসিত সিনেমাগুলোর একটি ‘স্কাইফল’। কিন্তু এই তালিকায় ছবিটির অবস্থান ১৮ নম্বরে। পরিচালক স্যাম মেন্ডেসের সিনেমায় খলনায়ক সিলভা চরিত্রে জাভিয়ের বারদেমের অভিনয় অসাধারণ হলেও গল্পের কিছু ফাঁকফোকর এবং পার্শ্বচরিত্রের দুর্বল নির্মাণ সমালোচকদের চোখ এড়ায়নি। রজার ডিকিন্সের সিনেমাটোগ্রাফি ছবিটিকে দৃষ্টিনন্দন করেছে। তবু সব মিলিয়ে সিনেমাটি প্রত্যাশার তুলনায় কিছুটা পিছিয়ে।

১৭. ‘গোল্ডেনআই’ (১৯৯৫)
ছয় বছরের বিরতির পর পিয়ার্স ব্রসনানের বন্ড হিসেবে অভিষেক হয়েছিল এই সিনেমায়। নব্বইয়ের দশকে বন্ড সিরিজকে নতুন করে জনপ্রিয় করার ক্ষেত্রে ছবিটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে দ্য ইনডিপেনডেন্টের বিচারে এর গল্প ও সংলাপের অনেক কিছুই সময়ের পরীক্ষায় টেকেনি। ফ্যামকে ইয়ানসেনের অভিনীত জেনিয়া অনাটো বিশেষভাবে প্রশংসিত হলেও শন বিনের খলনায়ক চরিত্রটি তেমন স্মরণীয় হয়ে উঠতে পারেনি।

১৬. ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭১)
শন কনারির বন্ড হিসেবে প্রত্যাবর্তনের সিনেমা এটি। তবে তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে সবচেয়ে দুর্বলগুলোর একটি বলে মনে করেছে পত্রিকাটি। লাস ভেগাসের প্রেক্ষাপটে তৈরি গল্পে হাস্যরস ও অতিরঞ্জনের মাত্রা বেশি। নারী চরিত্রগুলোর নির্মাণও যথেষ্ট দুর্বল। তবে সিনেমার গান এবং চার্লস গ্রের অভিনীত ব্লোফেল্ড চরিত্রটি ছবির উল্লেখযোগ্য দিক।

.

মাঝামাঝি অবস্থানে বন্ডের পরিচিত কিছু ছবি

১৫তম থেকে ১১তম

১৫. ‘আ ভিউ টু আ কিল’ (১৯৮৫)
রজার মুরের বন্ড হিসেবে শেষ সিনেমা। ছবিতে খলনায়ক ম্যাক্স জোরিনের চরিত্রে ক্রিস্টোফার ওয়াকেন এবং মেই ডে চরিত্রে গ্রেস জোন্স দর্শকের মনোযোগ কেড়েছেন। গোল্ডেন গেট সেতুর ওপর অ্যাকশন দৃশ্যও স্মরণীয়। কিন্তু তখন মুরের বয়স ৫৮। অ্যাকশন দৃশ্যে তাঁর বয়সের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। তাই ছবির দুর্বলতাগুলো ঢেকে রাখা যায়নি।

১৪. ‘অক্টোপুসি’ (১৯৮৩)
রজার মুরের আরেকটি জনপ্রিয় সিনেমা। নারী চরিত্রের নামে নাম রাখা বন্ড সিরিজের বিরল ছবিগুলোর একটি এটি। মড অক্টোপুসি চরিত্রে মড অ্যাডামস অভিনয় করলেও খলনায়ক কামাল খান ও জেনারেল অরলভের উপস্থিতি বেশি আকর্ষণীয়। গল্পের কিছু অংশ ধীরগতির হলেও ছবিটি একেবারে ব্যর্থ নয়।

১৩. ‘থান্ডারবল’ (১৯৬৫)

শন কনারির অভিনীত চতুর্থ বন্ড সিনেমা। একসময় আয়-সমন্বয়ের হিসাবে সিরিজের সবচেয়ে ব্যবসাসফল ছবিগুলোর একটি ছিল এটি। সমুদ্রের নিচে অ্যাকশন দৃশ্য, হাঙর এবং জলযুদ্ধ সিনেমার বড় আকর্ষণ। তবে পানির নিচে দীর্ঘ সময় ধরে চলা দৃশ্যগুলো অনেকের কাছে একঘেয়ে মনে হতে পারে। গল্প ও চরিত্র নির্মাণেও কনারির অন্য ছবিগুলোর তুলনায় কিছুটা ঘাটতি রয়েছে।

.

১২. ‘কোয়ান্টাম অব সোলেস’ (২০০৮)
মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ড্যানিয়েল ক্রেগের এই সিনেমা। ‘ক্যাসিনো রয়্যাল’-এর ঘটনার পরের কাহিনি নিয়ে নির্মিত ছবিতে বন্ডকে দেখা যায় ক্রোধ ও প্রতিশোধের তাড়নায় ছুটতে। ইতালির সিয়েনায় ছাদে ছাদে ধাওয়ার দৃশ্যটি অসাধারণ। ছবির শেষাংশ নিয়ে আপত্তি থাকলেও ক্রেগের তীব্র অভিনয় একে আলাদা করেছে।

১১. ‘ফর ইয়োর আইজ অনলি’ (১৯৮১)
রজার মুরের বন্ড হিসেবে পঞ্চম সিনেমা। এখানে অতিরিক্ত কল্পনার বদলে বাস্তবধর্মী গুপ্তচরকাহিনির দিকে ফিরেছিলেন নির্মাতারা। প্রতিশোধপরায়ণ মেলিনা হ্যাভলক চরিত্রে ক্যারোল বুকের অভিনয় ছবির বড় শক্তি। পাহাড়ের চূড়ায় অবস্থিত মঠে শেষ দৃশ্যটিও বেশ স্মরণীয়। বন্ডের রোমান্টিক দিকের পাশাপাশি এখানে তাঁর অভিযানের বাস্তবতা গুরুত্ব পেয়েছে।

সেরা দশে জায়গা পেল যেসব সিনেমা

১০ম থেকে ১ম

১০. ‘ড. নো’ (১৯৬২)
যে সিনেমা দিয়ে শুরু হয়েছিল জেমস বন্ডের চলচ্চিত্রযাত্রা, সেই ছবির অবস্থান দশ নম্বরে। শন কনারির অভিনীত প্রথম বন্ড সিনেমা। পরিচালক টেরেন্স ইয়ংয়ের হাত ধরে পর্দায় পরিচিতি পায় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর এই দুর্ধর্ষ গুপ্তচর। উরসুলা অ্যান্ড্রেসের উপস্থিতি, গুপ্তঘাঁটি এবং নানা রোমাঞ্চকর ঘটনা ছবিটিকে স্মরণীয় করে রেখেছে। সীমিত বাজেটের মধ্যেও নির্মাতা কেন অ্যাডামের সেট ডিজাইন প্রশংসিত হয়েছে।

৯. ‘ক্যাসিনো রয়্যাল’ (২০০৬)
ড্যানিয়েল ক্রেগের বন্ড হিসেবে অভিষেক। অনেকের কাছে এটিই তাঁর সেরা বন্ড সিনেমা। পিয়ার্স ব্রসনানের পর নতুন বন্ড হিসেবে ক্রেগকে নিয়ে শুরুতে দর্শকের মধ্যে সংশয় ছিল। কিন্তু পরিচালক মার্টিন ক্যাম্পবেল সেই সংশয় দূর করেন। এখানে বন্ডকে দেখা যায় অনেক বেশি শারীরিক, কঠোর ও আবেগপ্রবণ মানুষ হিসেবে। খলনায়ক ল্য শিফর ও ভেসপার লিন্ড চরিত্র দুটি ছবিকে দিয়েছে বাড়তি আকর্ষণ। তবে শেষ অংশের একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে সমালোচকদের আপত্তি রয়েছে।

৮. ‘ইউ অনলি লিভ টোয়াইস’ (১৯৬৭)
শন কনারির পঞ্চম বন্ড সিনেমা। এর সবচেয়ে বড় আকর্ষণ বিশাল আগ্নেয়গিরির ভেতরে তৈরি খলনায়কের গোপন ঘাঁটি। কেন অ্যাডামের সেট ডিজাইন আজও চলচ্চিত্র ইতিহাসে আলোচিত। ডোনাল্ড প্লিজেন্সের অভিনীত ব্লোফেল্ড চরিত্রটিও বিশেষভাবে স্মরণীয়। তবে জাপানি চরিত্রে কনারির সাজসজ্জা নিয়ে সমালোচনা রয়েছে। গল্পের শুরুটা কিছুটা ধীর হলেও শেষের আকাশযুদ্ধ ও অ্যাকশন ছবিটিকে আকর্ষণীয় করে তুলেছে।

.

৭. ‘নো টাইম টু ডাই’ (২০২১)
ড্যানিয়েল ক্রেগের বন্ড হিসেবে শেষ সিনেমা। করোনার কারণে প্রায় দুই বছর পিছিয়ে মুক্তি পাওয়ায় ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল অনেক। পরিচালক ক্যারি ফুকুনাগা সেই প্রত্যাশা পূরণ করেছেন বলে মনে করে দ্য ইনডিপেনডেন্ট। এখানে বন্ড শুধু একজন গুপ্তচর নন, বরং প্রেম, বিচ্ছেদ, দায়িত্ব ও ব্যক্তিগত আবেগের সঙ্গে লড়াই করা মানুষ। আনা দে আরমাসের স্বল্প উপস্থিতিও দর্শকের মনে দাগ কাটে। অ্যাকশন ও আবেগের মিশেলে ক্রেগের বন্ড-যাত্রার পরিণতি বেশ শক্তিশালী।

৬. ‘দ্য স্পাই হু লাভড মি’ (১৯৭৭)
রজার মুরের অন্যতম সেরা বন্ড সিনেমা। এখানে তিনি পেয়েছেন নিজের অভিনয়ের সবচেয়ে উপযুক্ত চরিত্রায়ণ। খলনায়ক কার্ল স্ট্রমবার্গের চরিত্রে কার্ট ইয়ুর্গেন্স ছিলেন আকর্ষণীয়। বন্ডের সঙ্গে সোভিয়েত গুপ্তচর আন্যা আমাসোভার সম্পর্কও ছবির গুরুত্বপূর্ণ অংশ। বারবারা বাখের অভিনয় ছবিতে আলাদা মাত্রা যোগ করেছে। সাবমেরিন ও সমুদ্রকেন্দ্রিক অ্যাকশন দৃশ্যগুলোও পরিচালকের দক্ষতার পরিচয় দেয়।

৫. ‘লাইভ অ্যান্ড লেট ডাই’ (১৯৭৩)
রজার মুরের প্রথম বন্ড সিনেমা। আগের বন্ড শন কনারির তুলনায় মুর চরিত্রটিকে দিয়েছিলেন অন্য রকম ব্যক্তিত্ব। তাঁর বন্ড অনেক বেশি রসিক, আত্মবিশ্বাসী ও খানিকটা মজার। ছবিতে যুক্ত হয়েছিল ভুডু সংস্কৃতি, রহস্যময় অপরাধজগৎ এবং কৃষ্ণাঙ্গ সংস্কৃতির প্রভাব। খলনায়ক কানাঙ্গা চরিত্রে ইয়াফেট কোটোর অভিনয় প্রশংসিত হয়েছে। গান ও আবহসংগীতও ছবির অন্যতম সম্পদ। মুরের অভিষেককে সিরিজের অন্যতম স্বতন্ত্র অধ্যায় হিসেবে বিবেচনা করেছে পত্রিকাটি।

৪. ‘দ্য লিভিং ডে-লাইটস’ (১৯৮৭)
টিমোথি ডালটনের প্রথম বন্ড সিনেমা। শন কনারি ও রজার মুরের পর বন্ড চরিত্রে নতুন করে প্রাণ সঞ্চার করেছিলেন ডালটন। তাঁর অভিনয়ে ছিল কঠোরতা, উদ্বেগ ও বাস্তবতার ছাপ। ছবির গল্পে গুপ্তচরবৃত্তির পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির জটিলতাও উঠে এসেছে। বরফে ঢাকা পরিবেশ থেকে মরক্কোর রোমাঞ্চকর অভিযান—সব মিলিয়ে সিনেমাটি বেশ বৈচিত্র্যময়। উড়ন্ত কার্গো বিমানের পেছনে নেক্রোসের সঙ্গে লড়াইয়ের দৃশ্য বিশেষভাবে প্রশংসিত।

.শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন.

৩. ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’ (১৯৬৯)
বন্ড চরিত্রে জর্জ ল্যাজেনবির একমাত্র সিনেমা। শুরুতে শন কনারির পরিবর্তে তাঁকে মেনে নিতে দর্শকের কিছুটা অসুবিধা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সিনেমাটির গুরুত্ব বেড়েছে। পরিচালক পিটার হান্টের ছবিতে রয়েছে দুর্দান্ত স্কিইং দৃশ্য, রোমাঞ্চকর অ্যাকশন এবং বন্ডের জীবনের অন্যতম আবেগঘন প্রেমের গল্প। ডায়ানা রিগ অভিনীত ট্রেসি চরিত্রটি বন্ডের জীবনে বিশেষ জায়গা করে নেয়। অন্য বন্ড সিনেমার তুলনায় এখানে প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব বেশি। বিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানেরও পছন্দের বন্ড সিনেমাগুলোর একটি এটি।

২. ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪)
বন্ড সিরিজের সবচেয়ে পরিচিত সিনেমাগুলোর একটি। শন কনারির অভিনীত তৃতীয় ছবি। গাই হ্যামিলটনের পরিচালনায় বন্ডের চরিত্রে যুক্ত হয় নতুন ধরনের রসিকতা ও আত্মবিশ্বাস। খলনায়ক অরিক গোল্ডফিঙ্গার এবং তাঁর পরিকল্পনা ছবির মূল আকর্ষণ। সিনেমায় বন্ডের গাড়ি অ্যাস্টন মার্টিন ডিবি৫ বিশেষভাবে জনপ্রিয় হয়। প্রযুক্তিনির্ভর নানা গ্যাজেট, আকর্ষণীয় নারী চরিত্র, দুর্দান্ত সংলাপ এবং দৃষ্টিনন্দন অ্যাকশন—সব মিলিয়ে ছবিটি বন্ড সিরিজের আদর্শ উদাহরণ হয়ে উঠেছে।

১. ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩)
দ্য ইনডিপেনডেন্টের চোখে সেরা জেমস বন্ড সিনেমা শন কনারির ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’। সিরিজের দ্বিতীয় সিনেমা। প্রথম ছবির তুলনায় এখানে বন্ড চরিত্রের গুপ্তচরসুলভ দক্ষতা, বুদ্ধি ও কঠোরতা আরও পরিণতভাবে ফুটে উঠেছে। রবার্ট শ, পেদ্রো আরমেন্দারিজ, ড্যানিয়েলা বিয়াঞ্চি ও লটে লেনিয়ার অভিনয় ছবিটিকে সমৃদ্ধ করেছে।

বিশেষ করে ট্রেনের ভেতরে বন্ড ও খলনায়কের মুখোমুখি লড়াই সিনেমার অন্যতম সেরা দৃশ্য। সীমিত জায়গার মধ্যে উত্তেজনা তৈরি, চরিত্রের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং অ্যাকশনের ভারসাম্য ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। পরিচালক টেরেন্স ইয়ং ইয়ান ফ্লেমিংয়ের মূল উপন্যাসের গুপ্তচর কাহিনির আবহকে পর্দায় সফলভাবে ফুটিয়ে তুলেছেন। দুই সমালোচকের মতে, বন্ড সিরিজের মূল ফর্মুলা সবচেয়ে নিখুঁতভাবে মিলে গিয়েছিল এই সিনেমাতেই। তাই সবার ওপরে ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’।

.

ছয় অভিনেতা, ছয় রকমের বন্ড
একজন অভিনেতা বা একটি সময়কাল দিয়ে পুরো সিরিজকে বিচার করা যায় না। শন কনারির ছয়টি সিনেমার মধ্যে সেরা ছবিটি প্রথম তিনটির একটি, কিন্তু তাঁর সব সিনেমা শীর্ষে নেই। রজার মুরের সাতটি ছবির মধ্যে ‘লাইভ অ্যান্ড লেট ডাই’ পাঁচ নম্বরে থাকলেও তাঁর কয়েকটি সিনেমা জায়গা পেয়েছে তালিকার একেবারে নিচের দিকে।
টিমোথি ডালটনের দুটি সিনেমার অবস্থানেও রয়েছে বড় ব্যবধান। ‘দ্য লিভিং ডে-লাইটস’ চারে, আর ‘লাইসেন্স টু কিল’ ১৯ নম্বরে। অন্যদিকে ড্যানিয়েল ক্রেগের চারটি সিনেমার মধ্যে ‘নো টাইম টু ডাই’ সাত নম্বরে থাকলেও ‘স্পেক্টার’ রয়েছে ২৪ নম্বরে। অর্থাৎ জনপ্রিয় অভিনেতা কিংবা বড় বাজেট—কোনোটিই ভালো সিনেমার নিশ্চয়তা নয়।

বন্ড সিরিজের সামনে এখন নতুন অধ্যায়। রবার্ট প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।  ডেনিস ভিলনুভ পরিচালিত সিরিজের ২৬তম সিনেমায় দেখা যাবে তাঁকে। তবে নতুন সিনেমার গল্প ও চরিত্রায়ণ নিয়ে এখনো দর্শকের কৌতূহল রয়েছে।

১

বন্ড সিনেমার তালিকায় সেরা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ খারাপ ‘ডাই অ্যানাদার ডে’

২

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৩

অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

৪

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)

৫

শেরপুরে ১১ কোটি টাকার কসাইখানা পড়ে আছে

৬

ফুলবাড়ি

৭

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

৮

আজ টিভিতে যা দেখবেন (২৩ নভেম্বর ২০২৬)

৯

টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস খান

১০

পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল

১১

টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান

১২

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

১৩

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

১৪

এনভিডিয়া বিতর্কে নতুন করে চাপে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

১৫

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }