উত্তরার গ্যালারি কায়ায় গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে শিল্পী আবদুস শাকুর শাহের একক চিত্রপ্রদর্শনী। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলমান এই প্রদর্শনী প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলাকালে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছেন তাঁর প্রথম প্রদর্শনী দেখার অভিজ্ঞতা, নিজের প্রথম প্রদর্শনী আয়োজনসহ দেশ-বিদেশের আরও অনেক প্রদর্শনীর কথা। সাক্ষাৎকারটি নিয়েছেন মোহাম্মদ আসাদ।
.আপনার প্রথম প্রদর্শনী দেখার অভিজ্ঞতা কেমন ছিল?
.শাকুর শাহ: প্রথম প্রদর্শনী সম্পর্কে জানলাম, আমি যখন আর্ট কলেজে ভর্তি হলাম, তখন। সেটা ছিল ১৯৫৫ সাল। সে সময় আমরা প্রদর্শনীর গুরুত্ব তেমন বুঝতে পারিনি। আর্ট কলেজে ভর্তি হওয়াটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল। চারুকলায় ভর্তি হওয়ার পর প্রথম দিকে যেসব প্রদর্শনী হতো, সেগুলো দেখে জানলাম যে শিল্পীদের ছবি নিয়ে প্রদর্শনী হয়। তখন চারুকলায় যে বার্ষিক প্রদর্শনী হতো, সে প্রদর্শনীতে আমি অংশগ্রহণ করেছিলাম। সেটা বোধ হয় ১৯৬৭ সাল। ওটা ছিল আর্ট কলেজ প্রদর্শনী। কিন্তু আমার দেখা প্রথম বড় বা ভালো প্রদর্শনী ছিল আবেদিন স্যারের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে। তখন পহেলা বৈশাখকে নববর্ষ বলা হতো এবং সে উপলক্ষে স্যার একটি বড় প্রদর্শনী করেছিলেন, যেখানে প্রায় সব শিল্পী অংশগ্রহণ করেছিলেন। এটি শিল্পকলা একাডেমির মাঝখানে যে গোল গ্যালারি ছিল, সেই গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছিল। আমার কাছে এটাই সবচেয়ে বড় বা ভালো প্রদর্শনী মনে হয়েছে। সেখানে সব শিল্পীর কাজ এবং স্যারের একটি বড় স্ক্রল পেইন্টিং ছিল। স্ক্রল পেইন্টিংটি নববর্ষের বিষয়ের ভিত্তিতে আঁকা হয়েছিল। সেটি দেখার জন্য প্রচুর মানুষ এসেছিলেন। ওটার সঙ্গে আরেকটা কনসেপ্ট এল। ছবিটার একদিকে খালি ছিল। সেখানে প্রত্যেক শিল্পী স্বাক্ষর করলেন। এটা বোধ হয় ১৯৬৮ অথবা ১৯৬৯ সালের ঘটনা।
.আপনার প্রথম একক প্রদর্শনী হয়েছিল কোথায়?
.শাকুর শাহ: আমি প্রথম প্রদর্শনী করি আমার জন্মভূমি বগুড়ায়। পাস করার পর, আমি তখন চাকরি করি সিলেটে। তখন চিন্তা করলাম যে একটা প্রদর্শনী করি বগুড়ায়। বগুড়ায় আমার যে বন্ধুবান্ধব ছিল, কবি বন্ধুবান্ধব, ওরা বলল, ‘করো, আমরা আছি।’ সে প্রদর্শনীতে অনেক লোকজন এলেন। শিল্পকর্মের যে প্রদর্শনী হয়; সেটা দেখার জন্যই অনেকে এলেন। বগুড়ায় এটাই প্রথম প্রদর্শনী, এর আগে কখনো হয়নি। তো বন্ধুবান্ধবেরা এল, অন্য লোকজনও এলেন, দেখলেন। এভাবে আমার শুরুটা হয় বগুড়ার প্রদর্শনী দিয়ে। ছবিগুলো মিক্সড, তখন তো আর বুঝি না, একাডেমিক ছিল আবার একটু স্টাইলাইজড পেইন্টিংও কয়েকটা করছিলাম। কিন্তু এটা কোনো একটা ধারায় পড়েনি; মানে যেটা মনে হয়েছিল, সেটাই করছিলাম। কিছু আবার ছিল সিলেটের চা–বাগানের ছবি, কিছু ল্যান্ডস্কেপ ছিল; নদী, নৌকা ছিল।
.ঢাকায় সুন্দর কোনো প্রদর্শনী দেখার অভিজ্ঞতা জানতে চাই।
.শাকুর শাহ: আমার শিল্পচর্চা শুরুর দিকে ঢাকায় বড় বড় প্রদর্শনী দেখেছি। তখন ঢাকায় অনেক রকম প্রদর্শনী হয়েছে। একটা ওপেন এয়ার প্রদর্শনী হয়েছিল, যার সঙ্গে যুক্ত ছিল আনোরুল হক পিয়ারু আর একজন ভাস্কর। তাদের একটা গ্রুপ ছিল। তারা রমনা পার্কের ভেতরে একটা ওপেন এয়ার প্রদর্শনী করছিল। রমনা পার্কে যে জায়গায় রেস্টুরেন্ট, তার সামনে মাঠের মতো একটা জায়গা আছে। সারা দিন ছবিগুলো টাঙানো থাকত। রাতে খুলে রাখা হতো। সকালে আবার সাজানো হতো। সে সময় ওপেন এয়ার প্রদর্শনীটা একটা অপরিচিত বিষয় ছিল। এটা আমার কাছে অনেকটা নতুন লেগেছিল। যেমন আমি শুনছিলাম, বশীর ভাই (মুর্তজা বশীর) ইতালিতে কোথাও জায়গা না পেয়ে বা প্রদর্শনী করতে না পেরে রাস্তায় ছবি ঝুলিয়ে দিয়েছিলেন। তো এইভাবে আমার প্রদর্শনী আর শিল্পকর্ম দেখা শুরু হয়।
আমাদের ছাত্রজীবনে বড় বড় শিল্পীকে একক প্রদর্শনী করতে দেখেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। এখানে ধরো, অনেক পরে কামরুল হাসান শিল্পকলা একাডেমিতে করেছিল। তার অনেকগুলো কাজ নিয়ে একটা প্রদর্শনী হয়েছিল। বিভিন্ন ধরনের কাজ, যেমন পেপার ওয়ার্ক, পেইন্টিং ইত্যাদি। এটা একটা বড় প্রদর্শনী ছিল যা শিল্পকলা একাডেমির গোল গ্যালারিতে হয়েছিল। ওটাও দেখার মতো একটা ভালো প্রদর্শনী ছিল। তার অনেক দিন পর জার্মান কালচারাল সেন্টারে একটা প্রদর্শনী এসেছিল। সেখানে ভারতের বোম্বে আর মাদ্রাজে তৈরি বিভিন্ন ধরনের বয়নশিল্প বা ট্যাপেস্ট্রি ছিল। ওটা একটা অসাধারণ প্রদর্শনী ছিল।
আমি এক্সপেরিমেন্টাল উইভিং নিয়ে কাজ করছিলাম যে কীভাবে উইভিং করা যায়। শিল্পকলা একাডেমি একটি প্রদর্শনীর আয়োজন করছিল কালেক্টরদের ছবি নিয়ে। আমি তো আর কালেক্টর নই, তাই একটা উইভিংয়ের কাজ পাঠালাম। তিনি বললেন, হ্যাঁ, একটু অন্য ধরনের কাজ। ওই প্রদর্শনী মোটামুটি ভালোই ছিল। বিভিন্ন কালেক্টর তাঁদের ছবি প্রদর্শন করেছিলেন। সে সময় কালেক্টর বলতে মূলত কবি, সাহিত্যিক বা বিজ্ঞানীরা ছিলেন। তাঁদের নামগুলো আমার মনে নেই। তবে তাঁদের বা শিল্পীদের কাছে অনেক ছবি থাকত। চিটাগাংয়ে তেমন প্রদর্শনী হতো না। আশিতে বদলি হয়ে আসার পর এখানে দু–একটি ভালো প্রদর্শনী দেখার সুযোগ হলো। আশিতে এসেই তো নানা রকম ঝামেলা ও বিভ্রাটের সম্মুখীন হলাম। শিল্পী হিসেবে ছবি আঁকা বা না আঁকা নিয়ে তাঁদের কাছে গ্রহণযোগ্যতা ছিল না।
.আপনি বিদেশে অনেক প্রদর্শনী দেখেছেন, সেসব প্রদর্শনী সম্পর্কে যদি বলেন
.শাকুর শাহ: ভারতে যখন পড়তে গেলাম, তখন সেখানে দুটো প্রদর্শনী ছিল। একটা জাতীয় প্রদর্শনী, আরেকটা আন্তর্জাতিক প্রদর্শনী। ভারতের প্রেক্ষাপটে এ দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদর্শনী, কারণ এগুলো সরকার আয়োজন করে। জাতীয় প্রদর্শনীতে সারা ভারত থেকে হাজার হাজার ছবি জমা পড়ে। সেখান থেকে তারা নির্বাচন করে মাত্র ১২০ বা ১২৫ বা খুব বেশি হলে ১৫০টি ছবি ঝোলায়। সেখানে কয়েক হাজার ছবি বাদ পড়ে যায়। এ প্রদর্শনী দুটোয় অংশগ্রহণ করা খুব কঠিন। সেই প্রদর্শনী দেখার পর আমি চিন্তা করলাম যে ভারতীয় আধুনিক শিল্পকলার যে ধারা বা উন্নতি, যেমনটা যামিনী রায় থেকে মডার্ন আর্ট এখন কতদূর চলে গেছে। ওই প্রদর্শনীতে হঠাৎ একটা ছবি আমার কাছে খুব অসাধারণ লাগল, যেটাতে ধর্মীয় বিষয় আছে, আবার নানা রকম বিষয়ও আছে, শিশুরা যে রকম ছবি আঁকে। ছবিটা পুরস্কারও পেয়েছে। পরে আমি বন্ধুদের বললাম যে বরোদায় একজন শিল্পী আছেন যিনি পুরস্কার পেয়েছেন। ওরা জানাল, তিনি একজন স্বশিক্ষিত শিল্পী, কিন্তু খুব নাম করেছেন। তাঁর ছবিটি আমার কাছে অন্য রকম লেগেছিল। তারপর আবার গেলাম ওদের সেই ‘ট্রিয়েনাল’ দেখতে, যা তিন বছর পরপর হয়। এটা এখনো হয় কি না জানি না, তবে আগেকার মতো আর ঘটে না। সেখানে আমি দেখলাম, অসাধারণ কিছু ছবি বিদেশ থেকে আসছে। তখন বোঝা গেল যে আধুনিক শিল্পকর্মের ধারা কেমন, আর একেক দেশের শিল্পের চরিত্র বা কাঠামো যে আলাদা, তা এসব প্রদর্শনী দেখে বোঝা যায়। এ রকম আরও অনেক দেশের বিভিন্ন রকম ছবি দেখলাম, যেমন জাপানিজ পেইন্টারদের ছবি বেশ বড় আকারের। এইভাবে ধরো, ভারতে পড়ার সময় বেশ কটা প্রদর্শনী দেখেছি। এরপর ভারত থেকে দেশে ফিরলাম, তারপর তো চাকরি শুরু করলাম; শিল্পের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল। ঢাকায় কী হয় বা হয় না, তা আমি জানি না বা জানতেও পারি না।
.প্রদর্শনী নিয়ে সমস্যায় পড়েছেন কখনো?
.শাকুর শাহ: প্রথম যে ন্যাশনাল প্রদর্শনী ছিল, সেখানে আমি অংশগ্রহণ করছিলাম। যেহেতু তারা আমাকে চিনত না, আমি তখন বোধ হয় সিলেটে ছিলাম। তাই সেখানে একটি ছবি নিয়ে লেখা হলো, ‘এ আবার কোন চাকরি? এ আবার কোথাকার ছবি’! তাদের কথা শুনে খুব খারাপ লাগল। মানে দূরে থাকলে শিল্পীদের এই অবস্থা হয়। এরপর ধরো, যখন আমি ঢাকায় এলাম, ঢাকায় আসার পর তো প্রথমেই ঝামেলা বেধে গেল। শিল্পকলা, এশিয়ান আর্ট; তারপর ধরো জাতীয়ভাবেও; পারলে আমাকে বাদই দেয়। এই নিয়ে মনটাই খারাপ লাগে যে এরপর কোন পথে যাব?
.এই সমস্যা কাটিয়ে উঠলেন কীভাবে?
.শাকুর শাহ: আমি পরে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জাপানে গেলাম। তারপর আমার কাজ নিয়ে সবার দৃষ্টিভঙ্গি বদলাল। জাপানে যখন গেলাম, তখন বেশ কটা বড় প্রদর্শনী দেখছিলাম। ওদের ছবির কাঠামো তো আলাদা, জাপানিজ ছবির কাঠামো একদম আলাদা। ওরা নিজস্ব চিন্তাভাবনায় ছবি আঁকে। ওখানে অনেকগুলো অসাধারণ কাজ দেখছিলাম। আর প্রথমবার দেখলাম পিকাসোর অসংখ্য প্রিন্ট। জাপানে তাঁর প্রিন্ট নিয়ে একটা প্রদর্শনী চলছিল। টোকিও থেকে বেশ দূরে, প্রায় তিন-চার ঘণ্টা ট্রেনেই লাগল যেতে। পিকাসো যে এত ভালো প্রিন্ট করেছে, এটা তো আমরা ওইভাবে জানতাম না। অসাধারণ প্রিন্ট ছিল, তার মেথোডলজিক্যাল কিছু প্রিন্ট ছিল এবং সামাজিক বিষয় নিয়ে কিছু প্রিন্ট ছিল। গ্যালারিটা পিকাসোর কাজগুলো লোনে নিয়ে এসেছিল। ওটা আমার জীবনের অন্যতম ভালো প্রদর্শনী দেখা। এ ছাড়া ধরো, ওদের বিভিন্ন গ্যালারিতে ওয়ানম্যান বা টুম্যান প্রদর্শনী চলছিল। হঠাৎ একটা গ্যালারিতে একটা এক্সিবিশন দেখতে গেলাম। পুরো গ্যালারিতে একটা কাজ। ভাবলাম, এটা আবার কোন ধরনের প্রদর্শনী? একটা রুমের এক কোণায় বিভিন্ন রঙিন কাপড় একটা ভাঁজ দিয়ে রেখেছে। তখন বুঝলাম যে শুধু ঘরের ভেতর অসংখ্য ছবি দিয়ে শিল্পপ্রদর্শনী হয় না, এটা ছাড়াও প্রদর্শনী হয়। আরেকটা ছিল জাপান প্রদর্শনী, ওটাও বেশ ইন্টারেস্টিং ছিল।
সেখানেই জীবনে প্রথমবার জানলাম যে শিল্পকর্মের অকশন হয়। তার আগে শুনিওনি কখনো যে ছবিও ডাকে ওঠে, ডাকে উঠে বিক্রি হয়। আমি যে হোটেলে ছিলাম, ওই হোটেলের কাছেই নিচে নেমে ঘুরছি। সামনেই একটা ভবনের দিকে অনেকগুলো গ্যালারি। পাশে একটা ভবনের দোতলার ওপর থেকে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া যে এক্সিবিশন হচ্ছে। হাঁটতে হাঁটতে গেলাম। ঢোকার সময় আমাকে বলল, ‘তোমার কি ইনভাইটেশন আছে?’ আমি বললাম, না। বলল, ‘তাহলে তো তুমি ঢুকতে পারবে না।’ আমি বললাম, দেখো, আমি বিদেশ থেকে এসেছি। প্রদর্শনীটা একটু দেখতে চাই। বলল, ‘একটু দাঁড়াও।’ ভেতরে টেলিফোন করল। টেলিফোনে বলল, ‘আচ্ছা পাঠিয়ে দাও।’ ভেতরে যাওয়ার সম আমাকে বলল, ‘তুমি কি ছবি কিনবে?’ আমি বললাম, ওপরে যাই আগে, দেখি। যাওয়ার পর একগ্লাস জুস দিল আর দিল একটা ক্যাটালগ। আমার কাছে মনে হচ্ছিল, ছবিগুলো বইয়ে ছাপা দেখেছি। এই প্রদর্শনী কোত্থেকে এল? একটা জন মিরর ছবি, আমি জানি ওটা বইয়ে ছাপা ছিল। কোত্থেকে পেল এটা? তখন তো আর জানি না যে কীভাবে ছবি কেনে বা কখন কিনেছে। খেয়াল করলাম, বেশির ভাগ ছবির ফ্রেম ভাঙা। অনেক সময় ফ্রেম উলুতে খেয়ে ফেলে, আমরা ফ্রেম বদলে ফেলি। ওই উলু খাওয়া অবস্থায়, ভাঙা অবস্থায় প্রদর্শনীতে এনেছে। ভাবলাম, ওরা ফ্রেমগুলো বদলাতে পারে না? এটা আবার কোন ধরনের প্রদর্শনী! আমি তখনো জানি না যে এগুলো অনেক পুরোনো ছবি। তো মিররটা দেখার পর আমি চিন্তা করলাম, আরে বাকিগুলো কী? ভ্যান গঘ, মানে ওই সময় যাঁরা নামকরা চিত্রশিল্পী, তাঁদের ছবি সব। পরে জানলাম, যিনি প্রদর্শনীটার আয়োজন করেছেন, তিনি একটা গাড়ির কোম্পানির মালিক এবং ছবিগুলো তাঁর নানার সংগ্রহ। তাঁর নানা সে সময় ছবিগুলো ফ্রান্স থেকে কিনেছিলেন। এখন তিনি এগুলো রাখতে চাইছেন না। তাই বিক্রির জন্য অকশন করছেন। বললাম, অকশনে কী হয়? ওরা বলল, বিড হবে। সর্বোচ্চ দাম যিনি ওঠাবেন, তিনি ছবিটা পাবেন। এই প্রথম আমি জানলাম অকশন সম্বন্ধে। এর আগে আমি এগুলো জানতাম না। ছবির এ রকম বিক্রি! আবার দরদাম করে সর্বোচ্চ মূল্যে ওঠে। পৃথিবীতে এমন নিলাম হয় যেখানে পুরোনো ছবি বিক্রি হয় এবং অন্যরা সেগুলো কেনে। প্রদর্শনী দেখার পর আমি হোটেলে এলাম। ক্যাটালগটা ভালো করে দেখলাম যে কার কার ছবি আছে। পেন্টিংয়ের দাম এক কোটি বা দেড় কোটি টাকা। আর আমরা ছবি বিক্রি করছি দুই হাজার বা তিন হাজার টাকায়। সর্বোচ্চ হয়তো দশ হাজার টাকায় বিক্রি হয়, অথচ সেখানে ওই সব ছবির দাম এক–দেড় কোটি।
.আরেকটি প্রদর্শনী আমার খুব চোখে লেগেছিল। এক লোক গেটের সামনে একটি সাদা ছাতা মাথায় দিয়ে বসে আছেন। ইনিই যে শিল্পী, সেটা আমি ঠিক বুঝতে পারিনি। ভেতরে ঢুকলাম, পুরো ঘর অন্ধকার, কোনো আলো নেই। শুধু যেখানে যেখানে কাজ রাখা হয়েছে, সেখানে সামান্য লাইট ফোকাস করা। কাজগুলো হলো পুরোনো বই, যা উলু খেলে, পুড়ে গেলে যে ভাব তৈরি হয়, অনেকটা সে রকম। সেখানে গোল্ড লিফ বা সোনার পাত ব্যবহার করা হয়েছে ওপরের লেয়ার দেওয়ার জন্য। ফলে পুরোনো বইগুলো যেন সোনার বই হয়ে গেছে। পুরো ঘরের ভেতর যেখানে যেখানে ফোকাস করা হয়েছে, সেখান থেকে আলো বেরোচ্ছে। সেই আলো যখন বইগুলোর ওপর পড়ে, তখন তা হীরার মতো চমকায়। এরপর দেখলাম, শিল্পী গেটের সামনে বিশেষ স্টাইল নিয়ে বসে আছেন; বৃষ্টি নেই, কিছুই নেই। কিন্তু মাথায় একটি সাদা ছাতা নিয়ে চুপচাপ বসে আছেন। তিনি নিজেই যেন একটি সাবজেক্ট হয়ে গেছেন। এটি জাপানিজ ধরন।
.পরে আমি ইংল্যান্ডে প্রদর্শনীর কাজে গেলাম। সে সময় ইংল্যান্ডে অনেক গ্যালারি ও এক্সিবিশন ছিল। আমরা যে প্রদর্শনীতে গিয়েছিলাম, সেখানে চারটি গ্যালারি ছিল। একটি গ্যালারিতে পিকাসো ও মাতিসের একটি সম্মিলিত প্রদর্শনী ছিল, যেখানে তাঁদের কাজের তুলনা করা হচ্ছিল। সেখানে দেখানো হচ্ছিল যে মাতিস যা আঁকেন, পিকাসো তা তাঁর স্টাইলে আঁকেন। অর্থাৎ তাঁদের মধ্যে একধরনের প্রতিযোগিতা ছিল এবং তাঁরা একে অপরকে সব সময় অনুসরণ করতেন। ওটা ছিল অনেক বড় প্রদর্শনী। আমার মনে হয়, ওটা দেখার পর আমি ভাবলাম, যদি আমরা সে সময় দেশে থাকতাম, তাহলে ওগুলো কীভাবে আনতাম? এরপর আরও একটি প্রদর্শনী চোখে পড়ল, যার নাম হলো ‘লুসিয়ান ফ্রয়েডের প্রদর্শনী’ (লুসিয়ান ফ্রয়েড দার্শনিক ফ্রয়েডের নাতি)। সেখানে এমন কিছু বিষয় নিয়ে ছবি আঁকা ছিল যা দর্শকেরা দেখে অবাক হন। যেমন একটি সোফার ওপর শুয়ে থাকা বয়স্ক নারীর নগ্ন শরীর এবং এমন মোটা শরীর যেখানে চামড়ার ওপর লালচে দাগ বা স্ট্রেচ মার্ক দেখা যাচ্ছে। ওগুলো দেখতে অনেকটা আর্টের মতো হলেও কিছুটা বিদঘুটে লাগছিল। সেই নগ্ন শরীরের ওপর কাপড়ের ভাঁজ বা টেক্সচারগুলো অসাধারণ ছিল। সেখানে আরও অনেক কাজ ছিল। একটা জিনিস দেখলাম, আমাদের দেশে এখনো ওটা করা হয়নি। পেইন্টিং দেখার সময় যদি আপনি কোনো অডিও গাইড কানে দিয়ে শোনেন, তবে সেটি পেইন্টিং সম্পর্কে বর্ণনা দেয়। আমি দেখলাম, কয়েকজন মেয়ে একটি পেইন্টিং দেখছে, যা ছিল লুসিয়ান ফ্রয়েডের একটি সেলফ-পোর্ট্রেট ন্যুড ছবি। তারা অডিও গাইডে শুনছিল যে ছবিতে তাঁর গোপনাঙ্গের বর্ণনা দেওয়া হচ্ছে। আমি ভাবলাম, আরে! এটাও কি সাবজেক্ট হতে পারে?
.সেখানে আনকমন একটা কাজ চোখে পড়ল আমার। যেটা হলো, এখন যেসব ইনস্টলেশন–সংক্রান্ত ব্যাপার শুরু হয়েছে, তার প্রথম উদাহরণ হিসেবে আমি দেখি। ইনস্টলেশন মানে কী জিনিস, কীভাবে হয় বা এর সাবজেক্ট কী হয়। প্রথম তো আমি ওটা বুঝতেই পারিনি। আরে ভাই, তাহলে গ্যালারির ভেতরে ওষুধের দোকান কেন, প্রথম দেখায় দেখি, টেবিলের ওপর কাগজ, কলম, প্রেসক্রিপশন, একদম একটা ফার্মেসি! পুরো ফার্মেসিটা গ্যালারির ভেতরে ডিসপ্লে করা। মানে মানুষ কেউ ছিল, এইমাত্রই সে হয়তো উঠে গেছে। কিন্তু সবকিছু রয়ে গেছে। যত রকম ওষুধ আছে শেলফে সাজানো; এটা লন্ডনের একটি গ্যালারিতে ডিসপ্লে করা ছিল। ওটা দেখেও অন্য রকম লাগল। ওই শিল্পী এখন বিখ্যাত শিল্পী ড্যানিয়েল হার্স, যাঁকে অনেক বিখ্যাত শিল্পী অনুসরণ করে ইনস্টলেশন করে। সেটা ২০০০ সালের কথা।
এইভাবে আমার আরও অনেক ছবির প্রদর্শনী বা ছবি দেখার সুযোগ হয়েছে। যেমন ধরো, ল্যুভর গ্যালারিতে শিল্পীদের একটা জায়গা থাকে; ল্যুভর গ্যালারিটা দেখার জন্য এত ডিসপ্লে, এত পেইন্টিং! সারা পৃথিবী থেকে তাদের সংগ্রহ। তো এটা দেখার সৌভাগ্য একবার হয়েছিল আমার। ছাত্রজীবনে মনে করতাম যে ‘মোনালিসা’ দেখাটা একটা বড় ব্যাপার; ওটা সে সময় একটা ট্যুর প্রোগ্রামে যাওয়ার ফলে দেখা হয়েছিল। তারপর ধরো, মিকেলাঞ্জেলোর সেই বিখ্যাত ‘ডেভিড’ দেখার সুযোগ হয়েছিল। ‘ডেভিড’ প্রথম যেটা করেছিল সেটা ভেতরের, ওর বাড়িটাকে স্টুডিও বানিয়েছে সেখানে। আর একটা জনগণের জন্য; বাইরে একটা ভবনেরর সামনে। ওটার পাশে আবার ন্যাশনাল মিউজিয়াম। দুটোই পাথর কেটে করা। তো ওখানে সুযোগ হয়েছিল ‘মোনালিসা’র ছবির মতোই আরেকটা ছবি দেখার, যেটা ‘বার্থ ব ভেনাস’, বত্তিচেল্লির করা। ‘বার্থ অব ভেনাস’ ছবিটা খুব বেশি বড় নয়। বোধ হয় খুব সম্ভব আড়াই ফুট অথবা তিন ফুট। ‘মোনালিসা’ তার চেয়ে ছোট, দেড় ফুট বা দুই ফুট। এত ছোট ছোট। এইভাবে আমার চোখে, যেখানে যেখানে আমি ভ্রমণ করছি, সেখানে আমার এইগুলো চোখে পড়েছে। এ ধরনের জিনিসগুলো দেখার জন্যই মনে হয় শিল্পীরা দৌড়ায়। তারপর দেখলাম পিকাসো মিউজিয়ামটা। তাঁর নিজস্ব বাড়িটাকেই মিউজিয়াম বানিয়েছে। অনেক কাজ সেখানে এখনো ডিসপ্লে করা আছে।
.আপনার ৩৫তম প্রদর্শনীটাকে কীভাবে মূল্যায়ন করবেন?
.শাকুর শাহ: আমার আসলে এখন কোনো প্রদর্শনী করার ইচ্ছা ছিল না। মানে আদৌ একক প্রদর্শনী—এ জাতীয় বিষয়গুলো এখন আর তেমন ভালো লাগে না। জোড়াতালি দিয়ে কোনো প্রদর্শনী করা কখনোই আমার ভালো লাগে না। গ্যালারি কায়ার গৗতম চক্রবর্তী অনেক দিন ধরেই বলছে। গ্যালারিতে গেলেই বলে, ‘স্যার, একটা একক প্রদর্শনী করেন।’ আমার কাছে তখন বা তারপরে এই সব মিলে একটা জটিলতা মনে হচ্ছিল যে অনেক তো প্রদর্শনী করেছি! তারপর একসময় বললাম, ঠিক আছে, তুমি যদি করতেই চাও, তাহলে একটা তারিখ ঠিক করো। তো আমি আমার মতো করে ছবিগুলো বেছে দিলাম। কারণ, অন্য কেউ বেছে নিলে তাদের পছন্দমতো হতো, যা আমার জন্য ভালো হতো না। কারণ, এক প্রদর্শনীতে একজন কিউরেটর পছন্দ করে ছবি বেছে নিল। সেই প্রদর্শনী আমার পছন্দমতো হয়নি। ওরা যেভাবে জোড়াতালি দিয়ে ছবি বেছে নিয়ে প্রদর্শনী করেছিল, তা আমার কাছে ভালো মনে হয়নি। এই প্রদর্শনীতে আমি ছবিগুলো বেছে দিয়েছি। আমি অনেকগুলো পুরোনো ছবি নিয়েছিলাম যে আমি আগে কেমন কাজ করতাম এবং সেখান থেকে কীভাবে পরিবর্তন এসেছে। তারপর আমি ফ্রি ড্রয়িং করছিলাম, এরপর ওয়াটার কালার এবং তারপর অ্যাক্রিলিক। অয়েল পেইন্টিং রাখিনি, কারণ অয়েলের কাজগুলো হয়তো অনেক বড় বা অন্য রকম হতে পারে। আমি ছবিগুলো একটি নির্দিষ্ট ক্রমে সাজিয়েছি। সব মিলিয়ে, আমার এখন আশি বছর বয়স। এই বয়সে একটি গোছানো প্রদর্শনী করা কঠিন। আরেকটা বিষয় হলো, ছোট-বড় সব মিলিয়ে এবং কত রকমভাবে এক্সপ্লেইন করছে, কত রকমভাবে পরিবর্তন হয়েছে। ধরো, এ ধরনের অনেক শিল্পীর রাউন্ড ছবি আঁকার অভ্যাস খুব কম। এই প্রদর্শনীতে বেশ কিছু রাউন্ড ছবি আছে, ওটা চোখে লাগার মতো। সব মিলিয়ে ওর কাছে মনে হয়েছে, ঠিক আছে। আর এই বয়সে এর থেকে আর কী ভালো করব? আর একটা বই বের করছে। মনে করো, এক্সিবিশন মানে বইটা যে সময় আশি বছর বয়সে বের করছে, এটা একটা সুবিধা। আরও ছবি দিতে পারতাম। তবে সব মিলে যদি একসাথে করতে চাইতাম, তাহলে এই গ্যালারিতে হতো না। তখন জাদুঘর অথবা শিল্পকলা একাডেমি লাগত। মানে সব কটা ধাপ যদি ধরো, আমি যদি ধরো ট্যাপিস্ট্রি ধরি, উইভিং জয়েন করতাম, তখনকার ব্যাপার; তারপর একধরনের ইনস্টলেশন করতাম, সেটা একটা ব্যাপার; তারপর কিছু ফ্রি ড্রয়িং করতাম, সেটা আরেক ব্যাপার; এভাবে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট। তারপরে মাঝখানে কিছু ল্যান্ডস্কেপ টাইপের কাজ আসবে। তারপরে ইন্ডিয়ায় গিয়ে আমি যে কালো রঙের ড্রয়িং, সাদা ড্রয়িং করতাম কালো কালি দিয়ে, তারপরে ওয়াক্সড ড্রয়িং করতাম, সেটা আসত। তারপরে কিছু ফিগারেটিভ কাজ আছে, সেটা আসত; তারপরে নকশি কাঁথার মাঠ; তারপর আমি শুরুটা করলাম ‘মৈমনসিংহ গীতিকা’র চরিত্র নিয়ে। এভাবে অনেক কাজ রয়ে গেছে। পরিবারের চাওয়া, ওগুলো এখন আর বেচার দরকার নেই। ওরা চেষ্টা করছে, সব ছবি নিয়ে একটা সেন্টার খুলবে। এখনো ঠিক করেনি ওরা, মানে ওদের প্ল্যান আরকি। যার জন্য পুরোনো ছবিগুলো এখন আপাতত বিক্রি বন্ধ। তো এইভাবে ধরো, যদি সব ছবি নিয়ে যেত, তাহলে ওখানে জায়গা হতো না। হ্যাঁ, আর এটা দেখলাম যে যেহেতু একটা গ্যালারি এক্সিবিশন, যাতে সব কাজ দেখতে ভালো লাগে বা যাতে এক্সিবিশনটা পছন্দ করে, সেই জন্য একটু গুছিয়ে নিলাম। মানে সিলেকশনটা একটু গোছানো। গৌতম সব সময়ই গুছিয়ে কাজ করে।