বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছিল, বন্ধ হয়ে যাচ্ছে আট থেকে আশি—সবার পছন্দের বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। খবরটি ছড়িয়ে পড়ায় জনপ্রিয় এই কার্টুন সিরিজের ভক্তদের মধ্যে তৈরি হয় হতাশা। তবে সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ। বরং নতুন পর্ব নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’। এবার বিশেষ আয়োজন হিসেবে টানা ছয় ঘণ্টা প্রচার হবে নতুন পর্ব।
শুক্রবার ‘গোপাল ভাঁড়’ নিয়ে একটি প্রচারণামূলক পোস্ট প্রকাশ করে ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি আট (Sony AATH)। পোস্টে জানানো হয়, আগামী ১৫ আগস্ট সকাল ১১টা থেকে চ্যানেলটিতে প্রচার হবে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব।
চ্যানেলটির প্রকাশিত ফটোকার্ডে হাস্যরসাত্মক ভঙ্গিতে দেখা যায় জনপ্রিয় চরিত্র গোপালকে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন পর্বগুলোতে বিশেষ থিমও রাখা হয়েছে।
পরে নতুন পর্বের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করে সনি আট। সেখানে জানানো হয়, স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনে স্বদেশপ্রেমের আবহে গোপালের বুদ্ধি ও কৌতুকের নানা কাণ্ড দেখানো হবে। আর দর্শকদের জন্য থাকছে টানা ছয় ঘণ্টার বিশেষ আয়োজন।
এর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ সিরিজ বন্ধ হয়ে যাওয়ার খবরটি সত্য নয়। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ছড়িয়ে পড়া গুঞ্জনে যারা বিভ্রান্ত ও হতাশ হয়েছিলেন, নতুন পর্ব প্রচারের ঘোষণায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে।
কৃষ্ণনগরের লোককথার জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড়কে কেন্দ্র করে নির্মিত এই অ্যানিমেশন সিরিজটি টেলিভিশনে প্রচারের পর শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এবার নতুন পর্বের মাধ্যমে সেই জনপ্রিয়তায় আরও নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে সনি আট।
শু/আজা