রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে, ঘোষণা বৃহস্পতিবার দুপুরে

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচিত হলেও দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর প্রার্থীর সম্মতি, প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

গত ১০ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, চেয়ারম্যানের সঙ্গে বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর নাম জানা যাবে। একই বৈঠকে সম্ভাব্য প্রার্থীর স্বাক্ষর নেওয়া হবে এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য প্রতিনিধি দল পাঠানো হবে।

তবে রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জোরালোভাবে আলোচিত হলেও বুধবার পর্যন্ত দলীয়ভাবে তা নিশ্চিত করা হয়নি।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। তিনিও বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন।

একাধিক প্রার্থী থাকায় দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির প্রয়োজন হতে যাচ্ছে। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

তবে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। ফলে বৃহস্পতিবার বিএনপি যে প্রার্থীর নাম ঘোষণা করবে, কার্যত তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।

জামায়াত নেতৃত্বাধীন জোটের এক নেতা জানিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন নিশ্চিত করতেই অলি আহমদকে প্রার্থী করা হয়েছে।

রাষ্ট্রপতির পদটি শূন্য হয় গত ২৪ জুলাই। ওই দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর পদত্যাগের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির পদ শূন্য হয়।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই এ দায়িত্ব পালন করবেন।

এখন সবার নজর বৃহস্পতিবার দুপুরের বৈঠকের দিকে। বিএনপির প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত কার নাম ঘোষণা করা হয়, সেটিই নির্ধারণ করবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন।
 

এলাকার খবর

সম্পর্কিত