দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘দ্য ফার্স্ট হেলথ ক্যাডার ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে জনবল ও অবকাঠামোগত সংকট থাকায় প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতে সৃষ্ট বিভিন্ন অসঙ্গতি দূর করে একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের দায়িত্বশীলভাবে কর্মস্থলে থেকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং চিকিৎসকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
শু/আজা