আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে নতুন করে সময় পেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৩ নভেম্বর তাকে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (০৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এদিন ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার কথা ছিল ব্যারিস্টার ফুয়াদের। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে আইনজীবীদের মাধ্যমে এক মাসের সময় চান তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল নতুন তারিখ নির্ধারণ করেন।
বুধবার সকালে ফুয়াদের পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। আদালত অবমাননার বিষয়টি ট্রাইব্যুনালের তিন নম্বর কার্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল।
এর আগে গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তাকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে ৪ নভেম্বর দিন ধার্য করা হয়।
সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে একপর্যায়ে ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায়’ কিংবা ‘কোটি কোটি টাকা’ লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, ফুয়াদের বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পরই আদালত স্বপ্রণোদিত হয়ে এ পদক্ষেপ নেন। আগামী ২৩ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ওই বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে তাকে।