দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝখানে ভারত মহাসাগরকে বৃহত্তর ইন্দো-প্যাসিফিকের সঙ্গে যুক্ত করা বঙ্গোপসাগর এখন আর শুধু একটি আঞ্চলিক জলভাগ নয়। সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ, জলবায়ু নিরাপত্তা, সামুদ্রিক সম্পদ এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতার কারণে এর গুরুত্ব দ্রুত বাড়ছে। বঙ্গোপসাগর ঘিরে অবকাঠামো, বন্দর, সমুদ্রপথ ও নিরাপত্তা সহযোগিতায় বড় শক্তিগুলোর আগ্রহও ক্রমেই দৃশ্যমান হচ্ছে।
ঢাকায় অনুষ্ঠিত পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর শেষ দিনের ‘হোয়াই দ্য বে ম্যাটারস টু দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত অধিবেশনে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও মালদ্বীপের আলোচকেরা বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।
অধিবেশন সঞ্চালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী। তিনি বলেন, বঙ্গোপসাগর দীর্ঘদিন ধরে দেশ, সংস্কৃতি ও বাণিজ্যের মধ্যে সংযোগ তৈরি করেছে। বর্তমানে নিরাপত্তা, সংযোগ, জলবায়ু, জ্বালানি ও বৈশ্বিক প্রভাবের প্রশ্ন একই ভূখণ্ডে এসে মিলেছে। তাঁর মতে, সামুদ্রিক সংযোগ, জলবায়ু সহনশীলতা ও ব্লু ইকোনমির ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব ও সানা ইনস্টিটিউটের চেয়ারম্যান আইজাজ আহমেদ চৌধুরী বলেন, পাকিস্তান ধীরে ধীরে মহাদেশীয় দৃষ্টিভঙ্গির পাশাপাশি সামুদ্রিক পরিসরের গুরুত্বও বিবেচনা করছে। এর সঙ্গে দেশটির প্রায় ২ লাখ ৯০ হাজার বর্গকিলোমিটারের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, ব্লু ইকোনমি এবং গোয়াদর বন্দরকেন্দ্রিক চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের বিষয়টি যুক্ত।
বঙ্গোপসাগরের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক প্রতিযোগিতা বাড়ছে। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও প্রণালিগুলোতে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব আঞ্চলিক বাণিজ্যে পড়তে পারে। তাই মালাক্কা প্রণালিসহ গুরুত্বপূর্ণ সমুদ্রপথ উন্মুক্ত ও নিরাপদ রাখা সংশ্লিষ্ট দেশগুলোর অভিন্ন স্বার্থ।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কে. তানেজা বলেন, ঐতিহাসিকভাবে বঙ্গোপসাগর পূর্ব ও দক্ষিণ এশিয়াকে যুক্ত করেছে। চীনের অর্থনৈতিক ও সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরেও দেশটির উপস্থিতি বেড়েছে বলে তিনি উল্লেখ করেন। বাণিজ্যিক জাহাজ চলাচলের পাশাপাশি গবেষণা ও অন্যান্য সামুদ্রিক কার্যক্রমও এ অঞ্চলের কৌশলগত বাস্তবতায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে তাঁর মত।
তানেজার মতে, এই পরিবর্তিত পরিস্থিতিতে বিমসটেকের মতো আঞ্চলিক কাঠামোর মাধ্যমে সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। বঙ্গোপসাগরে শান্তি, স্থিতিশীলতা এবং উন্মুক্ত সমুদ্রপথ বজায় থাকলেই আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব।
বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক মোলার বলেন, ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও বঙ্গোপসাগর নিয়ে ডেনমার্কের আগ্রহ রয়েছে। বাংলাদেশ ও ডেনমার্কের দীর্ঘদিনের অংশীদারত্বের পাশাপাশি বন্দর, অবকাঠামো ও সবুজ অর্থনীতিতে সম্ভাব্য সহযোগিতাকে তিনি গুরুত্ব দেন।
তিনি জানান, ডেনমার্কের এপিএম টার্মিনালস চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পে বিনিয়োগ করছে। এ ছাড়া অফশোর বায়ু বিদ্যুৎ ও বৃহৎ পরিসরের নবায়নযোগ্য জ্বালানি নিয়েও সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মতে, বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান বাংলাদেশের জন্য বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করতে পারে।
মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, তাঁর দেশ নিজেকে একটি সামুদ্রিক রাষ্ট্র হিসেবে দেখে। গুরুত্বপূর্ণ সমুদ্রযোগাযোগ পথে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা বাণিজ্য, মৎস্য ও পর্যটনের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। জলদস্যুতা, মানবপাচার ও জলবায়ু ঝুঁকির মতো অপ্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিকের সঙ্গে যুক্ত করার গুরুত্বপূর্ণ সেতু। ফলে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে শুধু উপকূলীয় দেশ নয়, দূরের বাণিজ্যিক অংশীদারদের স্বার্থও জড়িত।
যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জন কে. গ্লেন বৈশ্বিক ব্যবস্থার পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর বক্তব্যে সুশাসন, আইনের শাসন, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আস্থার বিষয়টি গুরুত্ব পায়। তিনি বলেন, পরিবর্তিত আন্তর্জাতিক পরিবেশে প্রাতিষ্ঠানিক সংস্কার ও নাগরিকদের আস্থা পুনর্গঠন গুরুত্বপূর্ণ।
আলোচনায় সিপিইসি ও বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডরের প্রসঙ্গও ওঠে। আইজাজ আহমেদ চৌধুরী বলেন, ভূরাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে পারস্পরিক লাভজনক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া গেলে এ ধরনের আঞ্চলিক করিডর অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের অবস্থানও সরাসরি যুক্ত। সিজিএসের আলোচনায় উঠে আসে—দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইন্দো-প্যাসিফিকের সংযোগস্থলে থাকা বাংলাদেশ বন্দর, সামুদ্রিক যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি ও নীল অর্থনীতিতে সম্ভাবনা কাজে লাগাতে পারে। তবে এর জন্য সামুদ্রিক সক্ষমতা, অবকাঠামো, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।
সিজিএসের তথ্য অনুযায়ী, এবারের বে অব বেঙ্গল কনভারসেশনে ১০০টির বেশি দেশের অংশগ্রহণকারী ও প্রায় ২০০ বক্তা অংশ নেন। তিন দিনের এই সম্মেলনে ভূরাজনীতি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু সহনশীলতা, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও শাসনব্যবস্থাসহ বঙ্গোপসাগরের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
সব মিলিয়ে আলোচকদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট—বঙ্গোপসাগরকে ঘিরে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি সহযোগিতার প্রয়োজনও বাড়ছে। সমুদ্রপথ নিরাপদ রাখা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক স্বার্থ রয়েছে। সেই বাস্তবতায় বঙ্গোপসাগর আগামী দিনে শুধু দক্ষিণ এশিয়ার নয়, বৃহত্তর ইন্দো-প্যাসিফিক ও বৈশ্বিক ভূরাজনীতিরও গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হয়ে উঠছে।