কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায়। কোনো রাজনৈতিক দলের এমন চাওয়া অস্বাভাবিক নয়। তবে যে দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পেছনে তাদের দীর্ঘ স্বৈরশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা, বিরোধী রাজনীতি ও মত দমনে গুম ও খুনের চর্চা এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় নির্বিচার মানুষ হত্যার তাজা স্মৃতি আছে, সেই দলের রাজনীতিতে ফেরার সঙ্গে নানা শর্ত যুক্ত থাকাও অস্বাভাবিক নয়।
সবার আগের শর্তটি হচ্ছে, এসব অপকর্ম ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করা। এরপর জনগণ দেখতে চাইবে, যে দল এসব ঘটনা ঘটিয়েছে, এর জন্য তারা অনুতপ্ত কি না, তারা কি ক্ষমা চাইবে, নাকি দুঃখ প্রকাশ করবে। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সঙ্গে এসব বিষয় যুক্ত। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি তো শুধু একটি সরকারের পতন নয়, এটা ছিল একটি নিপীড়নমূলক ও কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রত্যাখ্যান।
.৫ আগস্ট ২০২৪: আওয়ামী লীগ শাসনের পতন কেন ঘটল.আওয়ামী লীগ দুই বছরে কতটা বদলাল.বাংলাদেশের রাজনীতিতে ভুলের জন্য বা অপকর্মের জন্য ক্ষমা চাওয়ার নজির নেই। ফলে আওয়ামী লীগও যে সেই পথে হাঁটবে না, তা নিশ্চিত। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে কোনো দিন ক্ষমা চায়নি। তবে জামায়াতকে রাজনীতিতে ফিরতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে এবং এর চড়া মাশুলও দিতে হয়েছে। সবচেয়ে বড় কথা, সেই কলঙ্কের দায়ভার দলটিকে এখনো বহন করে যেতে হচ্ছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানের আড়াই বছরও পার হয়নি, এরই মধ্যে সেই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাচ্ছে। আর এ জন্য দলটি যে কৌশল নিয়েছে, তা হচ্ছে সহিংসতা। রাজনীতিতে নিজের শক্তি-সামর্থ্য দেখাতে হয়, আওয়ামী লীগ সহিংসতাকেই তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। আওয়ামী লীগ কেন সহিংসতা করছে, তা পরিষ্কার; কিন্তু প্রশ্ন হচ্ছে, এর পরিণতি কী?
মানুষের প্রাণ নেওয়া ও সম্পদ ধ্বংস করার মধ্য দিয়ে যে কোনো দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি করা যায়। সেই বিবেচনায় বাংলাদেশে তেমন একটি পরিবেশ তৈরি করতে আওয়ামী লীগ আপাত সফল হয়েছে।
.পিরোজপুরে বাসে আগুন দেওয়ায় পুড়ে মরেছেন এক পরিবহনশ্রমিক। ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের হাতে খুন হয়েছেন কৃষক দলের এক নেতা। আর নড়াইলে বিএনপির মিছিলে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে দলটির দুই নেতাকে। গোপালগঞ্জ জেলায় তারা এখন যা খুশি তা করতে পারছে। সংসদ সদস্য ও বিএনপির নেতাদের বাড়ি, থানা ও হাসপাতালে আগুন দেওয়া হয়েছে। গাছ কেটে রাস্তা বন্ধ করে গোপালগঞ্জকে সারা দেশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে যানবাহন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসহ নানা স্থাপনায় তারা আগুন দিচ্ছে, ককটেল ফোটাচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, সরকারি স্থাপনায় হামলাসহ সামনে সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে। এই যখন বাস্তবতা, তখন আরও একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। তা হচ্ছে, সরকার কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করবে?
.নাশকতাই কি আওয়ামী লীগের রাজনীতির শেষ আশ্রয়.এখন পর্যন্ত সরকারের যে অবস্থান বা সরকারি দলের লোকজনের কথাবার্তায় যা বোঝা যাচ্ছে, তাতে মনে হয়, সরকার সময় নেওয়ার কৌশল নিয়েছে। অন্তত গোপালগঞ্জে কঠোর কোনো পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পথ ধরতে চাচ্ছে না। যদিও গত বুধবার সংসদে বেশ কঠোর ভাষায় কথা বলেছেন প্রধানমন্ত্রী; ‘আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা গুঁড়িয়ে দিতে চাই।’ পরদিন বৃহস্পতিবার লালমনিরহাটে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী অগ্নিসন্ত্রাসীদের জবাব দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়।’
সহিংস গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বল প্রয়োগ করতে হয়, যা অধিকাংশ ক্ষেত্রেই পাল্টা সহিংসতায় রূপ নেয়। আওয়ামী লীগ সম্ভবত সেটাই চাইছে। তাদের সহিংসতায় এরই মধ্যে চারজন মারা গেছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করেনি।
চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে আওয়ামী লীগ সরকার যে বর্বরতা চালিয়েছে, নিষ্ঠুরতা দেখিয়েছে, মানুষ হত্যা করেছে, তা জনগণের স্মৃতিতে এখনো জ্বলজ্বল করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা আর এ ভূমিকায় দেখতে চায় না।
.বিএনপি এখন পর্যন্ত সংযম দেখানোর যে কৌশল নিয়েছে, তার পেছনে এসব বিবেচনা কাজ করে থাকতে পারে। যে বিবেচনাই কাজ করুক, সরকারের এ অবস্থানকে বাস্তবসম্মত হিসেবে ধরে নেওয়া যায়।
তবে গোপালগঞ্জের ঘটনাপ্রবাহ বা আওয়ামী লীগের সহিংসতার প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতাদের বাড়িঘর বা পরিত্যক্ত স্থাপনায় হামলার যেসব ঘটনা ঘটছে, তা অগ্রহণযোগ্য ও বিপজ্জনক।
অগ্রহণযোগ্য, কারণ এসব ঘটনা পাল্টা সহিংসতা হিসেবেই বিবেচিত হবে এবং আওয়ামী লীগের সহিংসতার কৌশলকে বৈধতা দেবে। বিপজ্জনক, কারণ সরকারের প্রশ্রয়ে বা সমর্থনে এসব ঘটনা ঘটার অর্থ সরকার সহিংসতাকে নির্দিষ্ট এলাকার বাইরে দেশের অন্যান্য স্থানেও ছড়িয়ে দেওয়ার ঝুঁকি নিচ্ছে। সরকারকে এসব ঠেকাতে হবে। কারণ যে পক্ষ যে উদ্দেশ্যেই সহিংসতা ঘটাক, তা বৃহত্তর সহিংসতার ক্ষেত্র তৈরি করে।
.জনগণ রাষ্ট্রের কাছে সহিংসতা দমন ও প্রতিকার আশা করে, দলের লোকজনের পাল্টা সহিংসতা নয়। সরকারকে এ ধরনের অপরাধমূলক ও অনৈতিক কাজ কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে। সরকার যদি বর্তমান সহিংসতার রাশ টেনে ধরতে চায়, তবে নির্দিষ্ট অঞ্চলের বাইরে যেন তা ছড়াতে না পারে, তা নিশ্চিত করাই হবে বুদ্ধিমানের কাজ।.
আমরা দেখলাম, নড়াইলে বিএনপির দুই নেতা হত্যার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ২০ থেকে ৩০টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকারি দল বিএনপির নেতা-কর্মীদের এ ধরনের প্রতিশোধ বা প্রতিহিংসামূলক হামলা সহিংসতার পরিস্থিতিকে আরও ছড়িয়ে দিতে সহায়তা করবে।
কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের পরিকল্পিত সহিংসতা বা নাশকতা আর সরকারের সমর্থনে পাল্টা সহিংসতা—এ দুইয়ের মধ্যে পার্থক্য আছে। জনগণের মধ্যে এর প্রতিক্রিয়াও ভিন্ন।
জনগণ রাষ্ট্রের কাছে সহিংসতা দমন ও প্রতিকার আশা করে, দলের লোকজনের পাল্টা সহিংসতা নয়। সরকারকে এ ধরনের অপরাধমূলক ও অনৈতিক কাজ কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে। সরকার যদি বর্তমান সহিংসতার রাশ টেনে ধরতে চায়, তবে নির্দিষ্ট অঞ্চলের বাইরে যেন তা ছড়াতে না পারে, তা নিশ্চিত করাই হবে বুদ্ধিমানের কাজ।
আগেই বলেছি, আওয়ামী লীগ সহিংসতার পরিস্থিতি তৈরি করতে পেরেছে। তারা নিশ্চিতভাবেই এর মাত্রা বাড়াতে চাইবে। চব্বিশের গণ-অভ্যুত্থান যেহেতু আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক শক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে, তখন সহিংসতা দিয়ে দলটি তার ঘাটতি পূরণের চেষ্টা করছে।
.আওয়ামী লীগ নিষিদ্ধের ঝুঁকিগুলো কী.আওয়ামী লীগ কি আসলে রাজনীতিতে ফিরতে চায়.এখন আসি শুরুর প্রশ্নে; আওয়ামী লীগের এই সহিংসতা ও নাশকতার কৌশলের পরিণতি কী? এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি হবে নাকি আরও কঠিন হবে?
রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে বহু আলোচিত একটি পর্যবেক্ষণ হচ্ছে, ‘সহিংসতা ক্ষমতা ধ্বংস করতে পারে, কিন্তু ক্ষমতা সৃষ্টি করতে পারে না’ (হান্না আরেন্ট, জার্মান-আমেরিকান রাষ্ট্রচিন্তাবিদ)। তাঁর মতটি হচ্ছে, ক্ষমতা ও সহিংসতা বিপরীত মেরুতে অবস্থান করে। এই চিন্তাকে বিবেচনায় নিলে সহিংসতার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বা রাজনৈতিক শক্তি ফিরে পাওয়ার চেয়ে হারানোর ঝুঁকিই বেশি।
অবস্থাদৃষ্টে এটা মনে হয় যে আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি অর্জনের চিন্তা বাদ দিয়েছে। রাজনীতিতে ফেরার চেয়ে প্রতিশোধ নেওয়াকেই বড় করে দেখছে। তারা এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে যাতে সরকারকে কঠোর দমনমূলক পদক্ষেপ নিতে হয় এবং একটি সম্মিলিত সহিংস পরিস্থিতি তৈরির মাধ্যমে দেশকে গভীর রাজনৈতিক সংকটে ফেলা যায়। আওয়ামী লীগের এ ফাঁদ এড়ানোই এখন বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এ কে এম জাকারিয়া প্রথম আলোর উপ–সম্পাদক
akmzakaria@gmail.com
মতামত লেখকের নিজস্ব