কোটি টাকার সেতু, নেই সংযোগ সড়ক; দুর্ভোগে এলাকাবাসী

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে খালের ওপর ১ কোটি ১ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় তা এলাকাবাসীর কোনো কাজে আসছে না। দুই পাশে অ্যাপ্রোচ রোড না থাকায় সেতু দিয়ে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের চলাচলও সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীসহ হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের খালের ওপর সেতুটি নির্মাণ করছে রামিম এন্টারপ্রাইজ। চলতি বছরের ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, খালের ওপর সেতুর মূল কাঠামো নির্মাণ শেষ হলেও দুই পাশে কোনো সংযোগ সড়ক নেই। সাম্প্রতিক বৃষ্টিতে খাল পানিতে ভরে যাওয়ায় পাশ দিয়ে চলাচলের পথও বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে কোনোমতে যাতায়াত করছেন।

স্থানীয় বাসিন্দা ফুল মিয়া অভিযোগ করে বলেন, নির্মাণকাজে শুরু থেকেই নানা অনিয়ম হয়েছে। নিয়ম অনুযায়ী বিকল্প যাতায়াতের জন্য বাইপাস সড়ক নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূল সেতুর কাজ শেষ করলেও সংযোগ সড়ক নির্মাণে কোনো উদ্যোগ নিচ্ছে না।

ঠিকাদার জিয়ারুল ইসলাম বলেন, ভারী বৃষ্টির কারণে খালের পানি বেড়ে যাওয়ায় মাটি ভরাটের কাজ করা সম্ভব হচ্ছে না। এলাকায় প্রয়োজনীয় মাটি পাওয়া যাচ্ছে না, আর বর্ষার মধ্যে দূর থেকে ট্রাকে করে মাটি আনা কঠিন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বলেন, বন্যার পানি ও টানা বৃষ্টির কারণে সংযোগ সড়কের কাজ আপাতত বন্ধ রয়েছে। মানুষের চলাচলের সুবিধার্থে দ্রুত একটি বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শু/আজা

বিষয়:

রংপুর
এলাকার খবর

সম্পর্কিত