গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের শালমারা কবরস্থান থেকে মকসুদুলের বাড়ি হয়ে তেলিপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে কাদায় পরিণত হওয়ায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্তে পানি জমে থাকায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত, তা বোঝা যায় না। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কৃষিপণ্য বাজারজাতকরণ, উপজেলা সদরে যাতায়াত এবং জরুরি চিকিৎসাসেবার জন্যও এই সড়কই একমাত্র ভরসা। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ভ্যানচালক ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির সময় ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় অসুস্থ রোগীকে কোলে করে ভালো সড়ক পর্যন্ত নিয়ে যেতে হয়। এমনকি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীর গাড়িও এই সড়ক ব্যবহার করতে পারে না।

স্থানীয়দের দাবি, প্রায় চার বছর ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি। একাধিকবার জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি শাহীনুর রহমান শাহিন বলেন, অতিবৃষ্টির কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিষয়:

রংপুর
এলাকার খবর

সম্পর্কিত