দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উত্তরসূরি কে হচ্ছেন—অনুজ মির্জা ফয়সাল আমিন, নাকি বড় কন্যা গবেষক ও শিক্ষাবিদ ড. শামারুহ মির্জা?
ঠাকুরগাঁও-১ আসনকে ঘিরে চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া নিয়ে গঠিত এ আসনটি দীর্ঘদিন ধরে মির্জা পরিবারের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত।
মির্জা ফখরুলের বাবা প্রয়াত মির্জা রুহুল আমিনের সময় থেকেই ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে পরিবারটির শক্ত অবস্থান তৈরি হয়। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেই রাজনৈতিক ভিত্তি আরও সুসংহত হয়। তবে তার পরবর্তী সময়ে পরিবারের রাজনৈতিক নেতৃত্ব কার হাতে যাবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, মাঠের রাজনীতি ও দলীয় সংগঠন পরিচালনায় মির্জা ফয়সাল আমিনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির এই নেতা দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আন্দোলন-সংগ্রাম ও স্থানীয় রাজনৈতিক কাঠামো ধরে রাখার ক্ষেত্রেও তার ভূমিকার কথা তুলে ধরছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
অন্যদিকে আলোচনায় উঠে আসছে মির্জা ফখরুলের বড় কন্যা ড. শামারুহ মির্জার নামও। পেশায় শিক্ষাবিদ ও গবেষক হিসেবে পরিচিত শামারুহ মির্জা এতদিন সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডে তার উপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয়দের কেউ কেউ মনে করেন, তরুণ প্রজন্ম, শিক্ষিত মধ্যবিত্ত ও নারী ভোটারদের কাছে শামারুহ মির্জার একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। ফলে তিনি রাজনীতিতে সক্রিয় হলে মির্জা পরিবারের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুলের রাজনৈতিক উত্তরসূরি নির্ধারণ কেবল পারিবারিক বিষয় নয়; এর সঙ্গে ঠাকুরগাঁওয়ের বিএনপির সাংগঠনিক কাঠামো ও জেলার রাজনৈতিক ভারসাম্যও জড়িত। একদিকে তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও মাঠের রাজনীতিতে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে, অন্যদিকে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তরুণ ও আধুনিক চিন্তার প্রতিনিধিত্বের দাবিও রয়েছে।
এ কারণে মির্জা ফয়সাল আমিন ও ড. শামারুহ মির্জাকে ঘিরে স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে দুই ধরনের আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত কে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে সামনে আসবেন, তা নির্ভর করবে বিএনপির হাইকমান্ড এবং মির্জা ফখরুলের নিজস্ব সিদ্ধান্তের ওপর।
ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গন এখন সেই সিদ্ধান্তের অপেক্ষাতেই।
শু/আজা