নির্মাণের আড়াই বছর পর যাত্রা শুরু রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নির্মাণের আড়াই বছর পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে স্কুল পর্যায়ের বালিকা শিক্ষার্থীদের তিন দিনব্যাপী বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে কমপ্লেক্সটির কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোত্তালেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকটের কারণে এতদিন মহিলা ক্রীড়া কমপ্লেক্সটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। নানা উদ্যোগের পর এখন এটি চালু করা হয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে কমপ্লেক্সটির কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, স্কেটিংকে লক্ষ্য হিসেবে নিয়ে ভালো প্রশিক্ষণের মাধ্যমে রংপুর বিভাগকে ক্রীড়ায় চ্যাম্পিয়ন করতে হবে। শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্যও প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠান শেষে তিন দিনব্যাপী স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পে বিভিন্ন ইভেন্টে বালিকারা অংশ নেয়। দীর্ঘদিন পর ক্রীড়া কমপ্লেক্সে প্রশিক্ষণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রশিক্ষণার্থীরা।

প্রসঙ্গত, রংপুর বিভাগের আট জেলার নারীদের খেলাধুলার প্রসার, উন্নয়ন ও বিকাশে ২০১৭ সালে রংপুর মহানগরীর উত্তম এলাকায় ১০ একর জমির ওপর কমপ্লেক্সটি নির্মাণের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২৩ সালের ২ আগস্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এরপর প্রায় আড়াই বছর সেখানে কোনো খেলাধুলা, প্রশিক্ষণ বা নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়নি।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত