রাঙ্গামাটিতে নৈরাজ্য ঠেকাতে সতর্ক জেলা ছাত্রদল

রাঙ্গামাটি প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিহত করতে রাঙ্গামাটিতে সতর্ক অবস্থান নিয়েছে জেলা ছাত্রদল। জেলা বিএনপির নির্দেশনায় শনিবার (১৫ আগস্ট ) সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক তৎপরতাও জোরদার করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের , নির্দেশনায় জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ, সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক গালিব হাসান, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিলসহ জেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে অংশ নেন।

ছাত্রদল নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করতে না পারে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সেজন্য তারা সাংগঠনিকভাবে সতর্ক রয়েছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও শহরের বিভিন্ন পয়েন্টে পরিস্থিতি পর্যবেক্ষণে নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন বলে জানান তারা।

জেলা ছাত্রদলের নেতারা বলেন, সাধারণ মানুষের জানমাল, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যাতে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নেতারা বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, সাধারণ মানুষের পাশে থাকা একটি দায়িত্বশীল সংগঠন হিসেবেও কাজ করতে চায়। তাই কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে নেতাকর্মীদের উত্তেজিত না হয়ে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

 

এদিকে, শনিবার রাঙ্গামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সাংগঠনিকভাবে সমন্বয় করার প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদল নেতারা।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত