লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন এবং নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ জুলাই) পাটগ্রাম এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটগ্রামের নিউ পুষ্টি সুইটস-এ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। একই অভিযানে জে আর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির মালিকপক্ষ প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স প্রদর্শন করতে পারেনি।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, “খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই সহ্য করা হবে না। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
শু/আজা