সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহা. একরামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, সদস্য সচিব মো. মিজানুর রহমান লিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মালেক এবং প্রেসক্লাবের সিনিয়র সভাপতি এম এ মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। একটি স্বাধীন, সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যমই সমাজের বাস্তব চিত্র তুলে ধরে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করে।
তিনি বলেন, সাংবাদিকরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে সমাজের অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয়গুলো সামনে আসে এবং সেগুলোর সমাধানের পথ তৈরি হয়। সুন্দরগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও বিভিন্ন অসঙ্গতি নির্ভীকভাবে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে প্রেসক্লাবের লোগোসংবলিত মগ উপহার দেওয়া হয়।
সবশেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শু/আজা