সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে কাকলী সংগীত একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) এস এম কামরুল হাসান মুরাদ এবং সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন।
পরে অতিথিরা জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় সাংস্কৃতিক পরিবেশনায় সমবেত কণ্ঠে রণসংগীত ও একক নৃত্য পরিবেশন করা হয়। একক নৃত্য পরিবেশন করেন অন্তরা।
শু/আজা