জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকার উত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মো. সুরুজ মন্ডলের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে বাড়ির পাশের জমিতে সার বপন করতে গিয়েছিলেন আনোয়ার হোসেন। সার বপন শেষে জমি থেকে শাক তোলার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার শরীরে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় হাতেম আলী জানান, বজ্রপাতের পর আনোয়ার হোসেনের শরীরে আগুন ধরে যেতে দেখেন তিনি। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, আনোয়ার হোসেন আর বেঁচে নেই।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই সন্তানের জনক আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোক বিরাজ করছে।